বিজ্ঞাপন

প্রকাশ পেল বিপ্লব আহম্মেদের আবৃত্তি অ্যালবাম ‘কবিতায় বিপ্লব’

প্রকাশ পেল বিপ্লব আহম্মেদের আবৃত্তি অ্যালবাম ‘কবিতায় বিপ্লব’

আবৃত্তিচর্চার সঙ্গেই দীর্ঘদিনের পথচলা বিপ্লব আহম্মেদের। কবিতার পঙক্তিগুলোকে তিনি নিজস্ব ঢঙে ও সাবলীল কণ্ঠে রূপ দিতে পছন্দ করেন। প্রচারবিমুখ এই বাচিক শিল্পীর আবৃত্তির অ্যালবাম ‘কবিতায় বিপ্লব’ সম্প্রতি আত্মপ্রকাশ করেছে। 

পাঁচ কবির নির্বাচিত পাঁচটি কবিতা নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবাম। এতে স্থান পেয়েছে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘বাতাসে লাশের গন্ধ’, নবারুণ ভট্টাচার্যের বহুল চর্চিত ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না’, তারাপদ রায়ের ‘দারিদ্র্য রেখা’, আরিফ সামসুলের ‘জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন’ এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ‘উত্তরাধিকার’।

অ্যালবামের ‘বাতাসে লাশের গন্ধ’ আবৃত্তিটি সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান ‘আজব রেকর্ডস’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। এটিসহ পুরো অ্যালবামের আবৃত্তিগুলোতে সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।

নতুন কাজ প্রসঙ্গে বিপ্লব আহম্মেদ বলেন, ‘আবৃত্তির সঙ্গে আমার সম্পর্কটা পুরনো। নীরবেই করছিলাম, প্রকাশের তাগিদ অনুভব করিনি। এবার ভাবলাম, এমন কিছু করি যেন মানুষ কবিতার দিকে আগ্রহী হয়।’

শিল্পী জানান, অ্যালবামের বাকি চারটি আবৃত্তি প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে ইউটিউবে প্রকাশ করা হবে। এছাড়া স্পটিফাইসহ আন্তর্জাতিক বিভিন্ন অডিও প্ল্যাটফর্মেও ‘কবিতায় বিপ্লব’ অ্যালবামটি শ্রোতারা শুনতে পাচ্ছেন।

ডিএ

বিজ্ঞাপন