বিজ্ঞাপন

১২ হাজার কোটি টাকা আয়ের পথে ‘দ্য ওডিসি’

১২ হাজার কোটি টাকা আয়ের পথে ‘দ্য ওডিসি’

হলিউডের প্রখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ বক্স অফিসে নতুন এক মাইলফলক ছুঁতে যাচ্ছে। মুক্তির পর বিশ্বজুড়ে সাফল্যের ধারাবাহিকতায় সিনেমাটির আয় ইতোমধ্যে ৯৩০ মিলিয়ন (৯৩ কোটি) মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। বক্স অফিসে এমন ধারা বজায় থাকলে এটি খুব দ্রুতই ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের (প্রায় ১২,০০০ কোটি টাকা) বিশাল ক্লাবে প্রবেশ করবে। 

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, ১ বিলিয়ন ডলারের এই মাইলফলক স্পর্শ করতে পারলে ‘দ্য ওডিসি’ হবে চলচ্চিত্রের ইতিহাসে তৃতীয় ‘আর-রেটেড’ (প্রাপ্তবয়স্কদের জন্য) সিনেমা। এই তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ (১.৩৩৮ বিলিয়ন ডলার) এবং দ্বিতীয় স্থানে রয়েছে ‘জোকার’ (১.০৭৯ বিলিয়ন ডলার)।

প্রথম সপ্তাহের জোয়ার কিছুটা কমলেও বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে এখনও সিনেমাটির টিকিট বিক্রির গতি বেশ শক্ত অবস্থান ধরে রেখেছে। পরিচালক নোলানের ক্যারিয়ারে এটি দ্বিতীয় ‘আর-রেটেড’ সিনেমা, যা আয়ের দিক থেকে ইতিহাস গড়তে যাচ্ছে। এর আগে তার নির্মিত আলোচিত সিনেমা ‘ওপেনহেইমার’ আয় করেছিল প্রায় ৯৭৬.৯৭ মিলিয়ন ডলার। সিনেমা বিশ্লেষকদের ধারণা, খুব শিগগিরই ‘ওপেনহেইমার’-এর আয়ের রেকর্ডকে ছাড়িয়ে যাবে ‘দ্য ওডিসি’।

গ্রিক মহাকাব্য রচয়িতা হোমারের কালজয়ী রূপকথা অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি। এতে মূল চরিত্র বা ইথাকার রাজার ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন।

ট্রয় যুদ্ধ শেষে নানা প্রতিকূলতা, পৌরাণিক প্রাণী ও ঐশ্বরিক চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজ রাজ্যে ফেরার রোমাঞ্চকর গল্প এতে ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমাটিতে ম্যাট ডেমন ছাড়াও অভিনয় করেছেন টম হল্যান্ড, জেনডায়া ও লুপিটা নিওঙ্গোর মতো একঝাঁক তারকা অভিনয়শিল্পী।

জুম এন্টারটেইনমেন্ট অবলম্বনে...

ডিএ

বিজ্ঞাপন