বিজ্ঞাপন

আড্ডায় আইয়ুব বাচ্চু-জেমস-হাসান, পুরনো ছবি শেয়ার করে স্মৃতিকাতর শওকত ইমন

আড্ডায় আইয়ুব বাচ্চু-জেমস-হাসান, পুরনো ছবি শেয়ার করে স্মৃতিকাতর শওকত ইমন

বাংলা সংগীত জগতের একঝাঁক কিংবদন্তি ও জনপ্রিয় তারকার পুরনো ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে স্মৃতিকাতর হয়ে পড়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন। 

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি বিরল ছবি পোস্ট করে কিংবদন্তি শিল্পী মান্না দে-র কালজয়ী গানের পঙ্ক্তি স্মরণ করেন তিনি। ক্যাপশনে তিনি লেখেন, ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই... ঠিক এই গানটিই মনে পড়ছে এই মুহূর্তে। কত সালের এই ছবি দুটি ঠিক মনে নেই, তবে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে।’

পোস্ট করা প্রথম ছবিটিতে একই টেবিলে বসে শওকত ইমনের সঙ্গে আন্তরিক আড্ডায় দেখা যায় সংগীতশিল্পী আসিফ আকবর, প্রয়াত কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু, নগরবাউল জেমস ও হাসানকে। আর দ্বিতীয় ছবিটিতে ইমনের সঙ্গে দেখা যায় আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎসহ বেশ কয়েক সংগীতজ্ঞদের।

ফেসবুকে ছবিগুলো শেয়ার করার পর থেকেই বাংলা গানের সোনালী যুগের তারকাদের এমন দুর্লভ ফ্রেম দেখে বেশ আবেগে ভেসেছেন নেটিজেন ও সংগীতপ্রেমীরা। কমেন্ট বক্সে অনেকেই সেই সময়ের কালজয়ী গান আর হারিয়ে যাওয়া সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করছেন।

সুরকার ও সংগীত পরিচালক শওকত ইমন। ছবি- ফেসবুক।

উল্লেখ্য, দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সংগীত অঙ্গনে সক্রিয় রয়েছেন শওকত আলী ইমন। ক্যারিয়ারে প্রায় ৪০০টি চলচ্চিত্রের গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি। সংগীত পরিচালনায় অসামান্য অবদানের জন্য ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই গুণী শিল্পী।

ডিএ