বিজ্ঞাপন

দর্শকদের ভয় দেখাবেন বরুণ ধাওয়ান

দর্শকদের ভয় দেখাবেন বরুণ ধাওয়ান

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানকে নিয়ে প্রথমবারের মতো ভৌতিক (হরর) সিনেমা নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস (ওয়াইআরএফ)। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বরুণ। সিনেমাটি পরিচালনা করবেন জনপ্রিয় ওয়েব সিরিজ 'দ্য রকেট বয়েজ' খ্যাত নির্মাতা অভয় পান্নু। 

দীর্ঘদিন ধরে মূলত রোম্যান্টিক ও পারিবারিক ঘরানার চলচ্চিত্রের জন্য পরিচিত যশরাজ ফিল্মস এবারই প্রথম হরর ঘরানায় পা রাখতে যাচ্ছে। পাশাপাশি হরর প্রোজেক্টে এর আগে কাজ করেননি বরুণ। এবার দর্শকদের ভয় দেখাতে প্রস্তত এই অভিনেতা। 

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত 'সুই ধাগা' সিনেমার দীর্ঘ আট বছর পর এই প্রজেক্টের মাধ্যমে পুনরায় ওয়াইআরএফ-এর ব্যানারে ফিরছেন বরুণ। সিনেমাটির চিত্রনাট্যও তৈরি করেছেন পরিচালক অভয় পান্নু নিজে। ছবিটি প্রযোজনা করবেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অক্ষয় ভিধওয়ানি। যদিও সিনেমাটির নাম এখনও প্রকাশ করেনি সংশ্লিষ্টরা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই হরর প্রজেক্টের কাজ খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। সব ঠিক থাকলে ২০২৭ সালে সিনেমাটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অদূর আগামীতে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

প্রযোজক যশ চোপড়ার হাতে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই ব্যানারটি অতীতে 'দিওয়ার', 'সিলসিলা', 'চাঁদনী' কিংবা 'লমহে'-র মতো একাধিক কালজয়ী সিনেমা উপহার দিয়েছে। পরবর্তী সময়ে তার ছেলে আদিত্য চোপড়ার প্রযোজনা ও পরিচালনায় এসেছে 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েনগে', 'মহাব্বাতে' ও 'রব নে বানাদি জোড়ি'-র মতো ব্যবসাসফল ছবি। সম্প্রতি 'দ্য রেলওয়ে ম্যান' সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মেও নিজেদের অবস্থান তৈরি করেছে সংস্থাটি।

এদিকে ক্যারিয়ারে বর্তমানে একটি বড় সাফল্যের অপেক্ষায় রয়েছেন বরুণ ধাওয়ান। সম্প্রতি তার বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় নির্মিত 'হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়' ও 'বেবি জন' সিনেমা দুটি বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি, যদিও 'বর্ডার টু' ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। তাই ওয়াইআরএফ-এর এই নতুন হরর প্রজেক্ট এবং আসন্ন 'ভেড়িয়া টু' সিনেমা নিয়ে দারুণ আশাবাদী এই তারকা।

ডিএ

বিজ্ঞাপন