চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রের প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দেন ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তবে বিষয়টি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না, বরং বেশ কিছুদিন ধরেই তিনি সিনেমার গানে আগ্রহ হারাচ্ছিলেন বলে জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও সংগীত পরিচালক আমাল মালিক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অরিজিতের এই সিদ্ধান্তের পেছনের নানা দিক তুলে ধরেছেন তিনি।
আমাল মালিক জানান, অরিজিতের সঙ্গে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদের কাছে এই ঘোষণা মোটেও অপ্রত্যাশিত ছিল না। বিগত দু-এক বছর ধরেই তিনি প্রচলিত প্লেব্যাকের প্রতি অরিজিতের অনাগ্রহ লক্ষ্য করছিলেন।
আমাল বলেন, আমি মনে করি না কেউ ওকে কোনোভাবে জোর করেছিল। সিদ্ধান্তটা ও নিজেই নিয়েছে। আমরা যারা ওর সঙ্গে কাজ করেছি, তারা দু’এক বছর আগেই বুঝতে পেরেছিলাম যে এই ধরনের ছবির গানে ওর আগ্রহ কমে গেছে।
আমালের মতে, হিন্দি চলচ্চিত্র শিল্পে অনেক সময় বিপুল অর্থ ব্যয় করে শীর্ষ শিল্পীদের দিয়ে গান গাওয়ানোর প্রবণতা দেখা যায়। নির্মাতাদের ধারণা থাকে অরিজিৎ গাইলেই গানটি হিট হবে।
তবে অরিজিৎ নিজে বুঝতে পেরেছিলেন যে, শুধু গায়কের নামের ওপর নির্ভর করে গান বেশি দিন টিকে থাকে না; বরং গান ভালো হতে হলে গায়ক, সুরকার ও গীতিকারের যৌথ রসায়ন প্রয়োজন।
বিভিন্ন ভাষায় প্রায় ৭০০টি গান গাওয়ার পর যেকোনো শিল্পীর কাজের প্রতি একঘেয়েমি বা ক্লান্তি আসা স্বাভাবিক বলেও মনে করেন আমাল। বলেন, ক্যারিয়ারের শীর্ষে অবস্থান করে সেখান থেকে এভাবে সরে দাঁড়ানোর সাহস সবাই দেখাতে পারেন না।
আগামী ‘আওয়ারাপন টু’ চলচ্চিত্রেও অরিজিতের সঙ্গে কাজ করেছেন এই সংগীত পরিচালক। অরিজিতের এই ঘোষণায় ভক্তদের মাঝে হতাশাজনক প্রতিক্রিয়া দেখা গেলেও শিল্পীর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন তার ঘনিষ্ঠ সহকর্মীরা।
ডিএ
