যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত প্রথম একক সংগীত পরিবেশনা ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ সফল হওয়ার পর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বাংলাদেশ, পশ্চিমবঙ্গসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অনুরাগীদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করে অপূর্ব লেখেন, ‘দূরত্ব কিংবা ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো জটিলতাই আমাদের বন্ধনের জাদু ফিকে করতে পারেনি। বাংলাদেশ, পশ্চিমবঙ্গসহ সারা বিশ্বজুড়ে থাকা আমার দুর্দান্ত অনুরাগী পরিবারের উদ্দেশ্যে বলছি—তোমাদের এই বাঁধভাঙা উচ্ছ্বাস, নিরলস প্রচারণা এবং অবিচল ভালোবাসা আমাকে বাকরুদ্ধ ও গভীরভাবে আপ্লুত করেছে। তোমরা শুধু একটি ইভেন্টের প্রচারণাই করোনি; বরং আবারও প্রমাণ করেছ, আমার প্রতি তোমাদের ভালোবাসার কোনো সীমানা নেই। তোমরাই আমার নিত্যদিনের শক্তি এবং আমার আসল হৃদস্পন্দন। তোমাদের প্রতিটি প্রচেষ্টাই আমি লক্ষ্য করি এবং তা হৃদয়ে আগলে রাখি। শুধু এটুকু জানাতে চাই, আমি তোমাদের সবার কাছে চিরকৃতজ্ঞ।’
উল্লেখ্য, গত ৮ আগস্ট নিউ ইয়র্কের একটি জমকালো আয়োজনে প্রথমবার একক গান পরিবেশন করে প্রবাসীদের মুগ্ধ করেন অপূর্ব। ছোট পর্দার প্রতিষ্ঠিত এই তারকা অভিনয়ের পাশাপাশি নিয়মিত গান ও গিটার চর্চা করেন। তবে নিউ ইয়র্কের এই কনসার্টটি ছিল তার সংগীত ক্যারিয়ারের প্রথম একক আন্তর্জাতিক মঞ্চ পরিবেশনা।
সফল শো শেষে উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানানোর পর দ্বিতীয় এই পোস্টে বিশ্বজুড়ে থাকা ভক্তদের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন এই অভিনেতা।
ডিএ
