দীর্ঘ ১৫ মাসের চিকিৎসার পর কয়েকদিনের বিরতিতে দেশে এসেছেন নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এ খবর শুনে চলচ্চিত্রের অনেকেই তার বাসায় যাচ্ছেন, প্রিয় সহকর্মীকে ভালোবাসা জানাচ্ছেন। শনিবার রাতে অভিনেতার গুলশানের বাসায় গিয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় দুই তারকা সুচন্দা ও চম্পা।
দুই বোনকে একসঙ্গে দেখে খুশি হয়েছেন কাঞ্চনও। তাদের সঙ্গে হাসি-আড্ডায় কাটিয়েছেন বেশ কিছুক্ষণ। অসুস্থতার ধকল ভুলে এক মুহূর্তের জন্য যেন প্রাণবন্ত হয়ে উঠেছিলেন ‘বেদের মেয়ে জোসনা’র রাজকুমার।
কাঞ্চনের জন্য ফুল ও উপহার নিয়ে গিয়েছিলেন সুচন্দা-চম্পা। এরপর চম্পা বলেন, ‘আমরা আপনাকে ভালোবাসি’। বিপরীতে কাঞ্চনও বললেন, ‘আমিও ভালোবাসি সবাইকে। খুব ভালো লাগছে।’
ফেলে আসা দিনের নানা স্মৃতি উঠে আসে তাদের আড্ডায়। কথা প্রসঙ্গে উঠে আসে সুচন্দা প্রযোজিত ‘তিনকন্যা’ ছবির কথাও। যে ছবিতে ইলিয়াস কাঞ্চনও অভিনয় করেছিলেন। এর সূত্র ধরেই সুচন্দা ও চম্পা অনুরোধ করে বসেন, গান শোনানোর।
শুরুতে কাঞ্চন ধরলেন ‘অচেনা’ (কাঞ্চন ও চম্পা অভিনীত) ছবির ‘আর যাব না আমেরিকা’। এ গানে তার সঙ্গে গলা মেলালেন সুচন্দা ও চম্পাও। তিন তারকার এমন মুহূর্ত বিরল এক স্মৃতি রচনা করেছে, যা দর্শকের কাছেও বিশেষ। এরপর আরো কয়েকটি গানের অংশ গেয়ে শোনান কাঞ্চন।
এ দিন রাতে কাঞ্চনের বাসায় আরো উপস্থিত হয়েছিলেন অভিনয়শিল্পী সুব্রত, জ্যাকি আলমগীর, প্রযোজক নেতা খোরশেদ আলম। চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে গিয়েছিলেন জয় চৌধুরী ও আবীর চৌধুরী।
প্রসঙ্গত, ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ১৫ মাস ধরে লন্ডনে চিকিৎসা নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। যদিও তাতে আশানুরূপ উন্নতি হয়নি তার। নির্ধারিত চিকিৎসার জন্য কয়েকদিনের মধ্যে পুনরায় সেখানে যাবেন অভিনেতা।
কেআই
