ভারতের বিশাখাপত্তনমে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস দেখা গেছে। ‘এএএ সিনেমাস’-এর উদ্বোধনে শহরটিতে পৌঁছালে তাকে একনজর দেখতে বিপুলসংখ্যক ভক্ত তার গাড়ি ঘিরে ধরেন। পরে গাড়ির সানরুফ দিয়ে বের হয়ে ভক্তদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান অভিনেতা।
ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, আল্লু অর্জুনের গাড়ি শহরে প্রবেশের পরই ভক্তরা সেটি অনুসরণ করতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তাকর্মীদের বেশ বেগ পেতে হয়। গাড়ির ভেতর থেকেও আল্লু ভক্তদের উদ্দেশে হাত নাড়েন এবং তাদের উচ্ছ্বাসের জবাব দেন।
ভারতীয় গণমাধ্যমের খবর, ‘এএএ সিনেমাস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে নিজের সঙ্গে বিশাখাপত্তনমের দীর্ঘ সম্পর্কের কথাও তুলে ধরেন আল্লু অর্জুন। তিনি জানান, তার প্রথম সিনেমা ‘গঙ্গোত্রী’ থেকেই নিয়মিত এই শহরে আসা-যাওয়া। শুটিং, বিভিন্ন অনুষ্ঠানসহ নানা কাজে বছরের পর বছর তাকে শহরটিতে আসতে হয়েছে।
অনুষ্ঠানে বিশাখাপত্তনম শহরের সঙ্গে নিজের দীর্ঘদিনের আবেগঘন সম্পর্কের কথা স্মরণ করেন আল্লু অর্জুন।
অভিনেতা বলেন, “বিশাখাপত্তনম আমার কাছে খুবই বিশেষ একটি শহর। প্রথম সিনেমা ‘গঙ্গোত্রী’র সময় থেকেই এখানে আসা-যাওয়া করছি। তখনকার দিনে এই রাস্তাগুলোতে একা হেঁটে বেড়ালেও কেউ চিনত না। আর আজ এখানকার মানুষের যে ভালোবাসা পাই, তাতে আগের মতো মুক্তভাবে হাঁটা সম্ভব হয় না। ভাইজাগে এলে প্রতিবারই সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায়।”
অভিনেতা আরও বলেন, বিশাখাপত্তনম তার জন্য বিশেষ একটি শহর। এখানে এলেই ক্যারিয়ারের শুরুর দিকের নানা স্মৃতি মনে পড়ে যায়।
এ সময় নিজের পরবর্তী সিনেমা ‘রাকা’ নিয়েও কথা বলেন আল্লু অর্জুন। জানান, সিনেমাটির শুটিং বর্তমানে ভারতের মুম্বাইয়ে চলছে। বিশাখাপত্তনমে ‘এএএ সিনেমাস’-এর উদ্বোধনে অংশ নিতে শুটিং থেকে এক দিনের বিরতি নিয়েছেন তিনি।
আল্লু বলেন, ‘রাকা’র শুটিং শেষ করেই তিনি বিশাখাপত্তনমে এসেছেন। এক দিনের বিরতি শেষে পরদিনই আবার শুটিংয়ে ফিরবেন।’
‘রাকা’ পরিচালনা করছেন অ্যাটলি। সিনেমাটিতে আল্লু অর্জুনের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকোন।
ডিএ
