সময়ের অস্থিরতা, শোক, প্রেম-বিরহ এবং অশুভের বিরুদ্ধে মানুষের চিরন্তন প্রত্যয়কে ধারণ করে রাজধানীর ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘গাই বাংলার গান পর্ষদ’-এর বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘অন্তর্দাহ—স্মৃতি দ্রোহ মিলন’। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে গান, নৃত্য, আবৃত্তি, বাঁশি ও দলীয় সংগীতের মধ্য দিয়ে মানুষের অনুভূতি, যন্ত্রণা ও সাংস্কৃতিক চেতনার নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ‘গাই বাংলার গান পর্ষদ’-এর মুখ্য সংগঠক ফজলুল কবীর তুহিন। তিনি বলেন, “আমাদের জীবনে সংস্কৃতির প্রভাব অপরিসীম। সংস্কৃতি মানুষের মনন, মূল্যবোধ ও মানবিকতাকে বিকশিত করে। কিন্তু সাম্প্রতিক সময়ে চারপাশে যে অসহিষ্ণুতা ও সাংস্কৃতিক শূন্যতা তৈরি হয়েছে, তার বিপরীতে দাঁড়ানোর প্রত্যয় থেকেই ‘অন্তর্দাহ’-এর আয়োজন।”
তিনি আরও বলেন, “শোক, বেদনা কিংবা অস্থিরতার সময়ে সংস্কৃতিই মানুষকে মানুষের কাছে ফিরিয়ে আনতে পারে। গান, কবিতা ও নৃত্যের মধ্য দিয়ে আমরা সেই মানবিক বোধ এবং শুভবোধকে জাগিয়ে তুলতে চাই।”

অনুষ্ঠানে গান পরিবেশন করেন অলোক কুমার দাশ, ইউসুফ হাসান অর্ক, মৌমিতা বড়ুয়া ও অমিতা। মিউজিক্যাল ধ্রুপদ পরিবেশন করেন সবুজ, শান্ত ও কামরুল। নৃত্য পরিবেশন করেন প্রান্তিক, প্লাবন্তি ইতি ও শান্তনা। আবৃত্তিতে ছিলেন শামীম ও বেলায়েত। এছাড়া ছিল দলীয় সংগীতের পরিবেশনা। বাঁশিতে সুর তোলেন তপু দাস।
আয়োজকদের মতে, সময়ের নানা অস্থিরতার মধ্যে মানুষের মননে শুভবোধ ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন।
কেআই
