বিজ্ঞাপন

৮৩ বছর বয়সেও টানা ২৪ ঘণ্টা শুটিং!

৮৩ বছর বয়সেও টানা ২৪ ঘণ্টা শুটিং!

বলিপাড়ার ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন। বয়সের সংখ্যাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক প্রজেক্টে টানা কাজ করে চলেছেন এই মেগাস্টার। সম্প্রতি নিজের ব্লগে ব্যস্ত সময়ের এক অবিশ্বাস্য হিসাব শেয়ার করেছেন তিনি, যা শুনে রীতিমতো চোখ কপালে উঠেছে ভক্ত-অনুরাগীদের।

কাজের চাপ এতটাই বেশি যে তাকে টানা ২৪ ঘণ্টার শিফটে কাজ করতে হয়েছে! এমনকি দীর্ঘদিনের পুরোনো অভ্যাস ব্লগ লেখার সময়ও তাকে পিছিয়ে দিতে হয়েছে। ব্লগে অনিয়মিত হওয়ার কারণে ক্ষমা চেয়ে ‘বিগ বি’ লিখেছেন, ‘গত কয়েক দিন ধরে কাজের সময় এবং কাজের তীব্রতা এতটাই বেশি ছিল যে নিজের জন্য আলাদা করে সময় বের করা সম্ভব হয়নি।’

বিশ্রাম না নিয়ে টানা কাজ করার প্রসঙ্গে অমিতাভ জানান, সম্প্রতি তার কাজের শিফট সকাল ৭টা থেকে শুরু হয়ে পরের দিন সকাল ৭টা পর্যন্ত। অর্থাৎ একটানা পুরো ২৪ ঘণ্টা তিনি শুটিং ফ্লোরেই কাটিয়ে দিয়েছেন। আর এমন ব্যস্ত শিফটের কারণে স্বাভাবিক জীবনযাত্রার ছন্দে ছেদ পড়েছে; খাওয়া এবং ঘুমকেও আপাতত দূরে সরিয়ে রাখতে বাধ্য হয়েছেন তিনি।

তবে কেন এত শারীরিক ধকল নেওয়া? তার কথায়, ‘দায়বদ্ধতা আগে, তার পরে অন্য কিছু।’ কাজের জায়গায় সামান্যতম আপসও করতে চান না এই কিংবদন্তি। এদিকে জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র ১৮তম মরসুমের সঞ্চালনা এবং তার অন্যান্য পেশাগত প্রতিশ্রুতির কারণেই মূলত এই মুহূর্তে কাজের চাপ চূড়ায় পৌঁছেছে। 

প্রসঙ্গত, দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে কাজই অমিতাভের সবচেয়ে বড় প্রাণশক্তি। বছরের শুরুতেই এক পোস্টে তিনি লিখেছিলেন, দিনে কোনো কাজ না থাকলে তার অস্বস্তি হয়। প্রতিদিন নির্দিষ্ট ছন্দে কাজ করাটা তার জীবনের অন্যতম অংশ। সেই রুটিনে সামান্য এদিক-ওদিক হলেই অস্বস্তি বোধ করেন তিনি। আর তাই ৮৩ বছর বয়সে এসেও অবিরাম কাজ করে যাওয়াটাই তার কাছে সবচেয়ে স্বাভাবিক ঘটনা।

এমআইকে

বিজ্ঞাপন