বিজ্ঞাপন

টিএসসিতে ‘শ্রাবণ মেঘের গান’ গাইবেন তারা

টিএসসিতে ‘শ্রাবণ মেঘের গান’ গাইবেন তারা

ক্যালেন্ডারের হিসাবে বর্ষা যাই যাই করছে। শ্রাবণ প্রায় শেষের দিকে। তবু হুটহাট বৃষ্টি এসেই ভিজিয়ে দেয় পথঘাট, ভিজিয়ে দেয় মন। এই বৃষ্টিদিনের সন্ধ্যায় বিশেষ গানের আসর বসাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ।

‘শ্রাবণ মেঘের গান’ শীর্ষক অনুষ্ঠানটি শুরু হবে বুধবার (১২ আগস্ট) বিকাল ৫টা ৩০ মিনিটে। টিএসসির সুইমিং পুল প্রাঙ্গণে বসবে আসর। এতে গান গাইবেন তুহিন কান্তি দাস, নাহিদ হাসান, সাহস মোস্তাফিজ, বাপ্পী নবী, সৈয়দ মিজান, ইলা লালালালা, প্রভাতফেরী ও আন্তঃনগর।

ঘোষণা বার্তায় আয়োজকরা বলেন, “সুজলা সুফলা শস্য শ্যামলা, জীবনানন্দের এই ফসলময় দেশে বর্ষা বরাবরই ভীষণ আদরের ঋতু, অমোঘ প্রার্থনার ঋতু। তাই বর্ষা এলেই আমাদের চিরতৃষিত প্রাণ স্বস্তি পায়, দাসত্বের খটমটে শৃঙ্খলা ভেঙে কখনো গেয়ে ওঠে শ্রাবণ মেঘের গান, কখনো বা গানে গানে চাদরের নিচে গড়িয়ে নেয় আরেকটি বেলা। উৎসব, আনন্দ, সমাদর প্রিয় সংস্কৃতিমনা বাঙালির কাছে বর্ষা আবদার করে বসে অনাড়ম্বর আয়োজনের। আর প্রিয় ঋতুর আবদার অগ্রাহ্য করবার দুঃসাহস কি আর আমাদের আছে! তাই ২৮ শ্রাবণ ১৪৩৩ (১২ই আগস্ট ২০২৬), বুধবার বিকেলে ‘শ্রাবণ মেঘের গান’-এ প্রিয় প্রাণদের সাথে নিয়ে সকলে সম্মিলিত হচ্ছি টিএসসির সুইমিংপুলে।”

আয়োজকরা জানান, অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। তাই যে কেউ উপস্থিত হয়ে উপভোগ করতে পারবেন এ সময়ের মেধাবী তরুণ শিল্পীদের গান।

কেআই

বিজ্ঞাপন