দুই বছর পর পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ২০২৪-এ ‘স্ত্রী ২’ দিয়ে পেয়েছিলেন দারুণ সাফল্য। এবার আসছেন জীবনীভিত্তিক সিনেমা ‘ঈঠা’ নিয়ে। লক্ষ্মণ উটেকরের এই সিনেমা মুক্তির কথা ২৮ আগস্ট।
তবে আজ খবর এলো, তিন মাস পিছিয়ে ডিসেম্বরে মুক্তি পাবে সিনেমাটি। বলিউড হাঙ্গামার খবর, ৪ ডিসেম্বর বড় পর্দায় আসবেন ‘ঈঠা বাই’ শ্রদ্ধা।
নতুন মুক্তির তারিখ ঘোষণা করে নির্মাতারা এক বিবৃতিতে বলেন, “টিজার সব রেকর্ড ভেঙে দেওয়ার পর সিনেমাপ্রেমীদের জন্য দারুণ খবর নিয়ে ফিরছে ‘ঈঠা’র দল। এবারের ডিসেম্বরে বড় পর্দায় আসছে প্রাণবন্ত এক নতুন গল্প।”
মহারাষ্ট্রের বিখ্যাত লোকনাট্য তামাশা ও লাভণী শিল্পী ভিঠাবাই নারায়ণগাঁওকরকে ঘিরে নির্মিত হয়েছে ‘ঈঠা’। অতি সাধারণ পারিবারিক পটভূমি থেকে উঠে এসে তিনি মহারাষ্ট্রের অন্যতম খ্যাতিমান লোকনাট্যশিল্পী হয়ে উঠেছিলেন। আদর করে তাকে ‘ঈঠা’ নামে ডাকা হতো। তার ভূমিকায় অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর।
মাস খানেক আগে প্রকাশিত হয়েছিল ‘ঈঠা’র টিজার। ইউটিউবে সেটি বিপুল জনপ্রিয়তা পায়। ৪ কোটি ৭০ লাখের বেশি ভিউ হয়েছে। টিজারে দেখা যায়, সন্তান জন্ম দেয়ার পরই মঞ্চে উঠে নৃত্য পরিবেশন করে ঈঠা। ওই দৃশ্যে শ্রদ্ধা কাপুরের অভিনয় দেখে চমকে গেছে দর্শক। তাই পুরো সিনেমা দেখার অপেক্ষায় তারা।

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রণদীপ হুদা, জিশান আইয়ুব, নানা পাটেকর, অনন্ত যোশীসহ অনেকে।
কেআই
