বিজ্ঞাপন

দুর্নীতি বিতর্কে নাসিরুদ্দিনকে কটাক্ষ কঙ্গনার

দুর্নীতি বিতর্কে নাসিরুদ্দিনকে কটাক্ষ কঙ্গনার

বলিউড প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও বহুমুখী শিল্পী পীযূষ মিশ্রর মধ্যকার মন্তব্য-পাল্টা মন্তব্যে এবার ঘি ঢাললেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। রাজনৈতিক নিরপেক্ষতা ও প্রতিবাদী অবস্থান নিয়ে শুরু হওয়া এই বাকযুদ্ধে এবার সরাসরি নাসিরুদ্দিন শাহকে 'শিয়াল' সম্বোধন করে তীব্র আক্রমণ ছুড়ে দিয়েছেন বিতর্কিত এই অভিনেত্রী।

ঘটনার সূত্রপাত নিট দুর্নীতি নিয়ে যন্তর-মন্তরে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে। সেখানে তারকাদের নীরবতা নিয়ে তোপ দেগে নাসিরুদ্দিন বলেছিলেন, “মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না।” বলিপাড়ার একাংশকে ইঙ্গিত করে করা প্রবীণ এই অভিনেতার মন্তব্যটি প্রকাশ্যে আসতেই ক্ষোভের সৃষ্টি হয়।

নাসিরুদ্দিনের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানান পীযূষ মিশ্র। ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন প্রসঙ্গে নাসিরুদ্দিন কেন নীরব তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পীযূষের সেই মন্তব্যটি পুনপ্রকাশ করে তার সঙ্গে একমত পোষণ করেন কঙ্গনা।

ইনস্টাগ্রাম স্টোরিতে নাসিরুদ্দিন শাহর আনুগত্য ও অবস্থান নিয়ে প্রশ্ন তুলে কঙ্গনা লেখেন, ‘সত্যিটা হলো, আমরা প্রত্যেকেই কারও না কারও অনুগত। আমি গর্বিত যে আমি সেই বাড়ির (দেশের) সুরক্ষায় লড়ি, যেখানকার অন্ন গ্রহণ করি। কিন্তু নাসিরুদ্দিন সাহেব এই দেশের অন্ন খেয়ে অন্য দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন।’

নাসিরুদ্দিনের ‘কুকুর’ কটাক্ষের জবাবে নিজের স্বভাবসিদ্ধ চাঁচাছোলা ভঙ্গিতে কঙ্গনা আরও লেখেন, ‘আজকের দিনে কুকুর শব্দটা আসলে প্রশংসা। কারণ আনুগত্য ও বিশ্বস্ততা এখন বিরল। নাসিরুদ্দিনের মতো ‘শিয়াল’ হওয়ার চেয়ে আমি কুকুর হওয়াকেই শ্রেয় মনে করি।’

এমআইকে