২০০৬ সালে মুক্তি পাওয়া তারকাখচিত সিনেমা ‘কভি আলবিদা না কেহেনা’। ২০ বছর পূর্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এবার হলের সেই পুরনো ক্ষোভ, দর্শকদের ত্যক্ত অভিজ্ঞতা এবং নিজের নির্মাণগত ভুলের কারণ জানিয়েছেন নির্মাতা করণ জোহর।
শাহরুখ খান, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, প্রীতি জিনতা ও অমিতাভ বচ্চনের মতো তারকাদের নিয়ে তৈরি এই সিনেমাটি প্রথম দিকে সমালোচক ও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। তবে ছবিটির দুই দশক ছুঁইছুঁই মুহূর্তে এসে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় সেই সময়ের নানা নাটকীয় অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন করণ জোহর।
ইনস্টাগ্রামে দীর্ঘ এক পোস্টে পরিচালক জানান, ছবিটি ঘিরে দর্শকদের প্রতিক্রিয়া তাকে বারবার বিস্মিত করেছে। একটি প্রিভিউ শোয়ের স্মৃতিচারণ করে তিনি লেখেন, ‘হলে এক দম্পতি শাহরুখ ও রানির চরিত্রের ঘনিষ্ট মুহূর্তগুলো দেখে প্রচণ্ড বিরক্ত হন। সম্পর্কের বিষয়টি স্পষ্ট হতেই স্ত্রীসহ ওই ব্যক্তি সিনেমা শেষ না করেই হল ত্যাগ করেন।’ যা দেখে মনে বেশ আঘাত পেয়েছিলেন করণ।
এখানেই শেষ নয়, আরও এক অভিভাবকের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাকে। করণ জানান, এক নারী তার ছোট মেয়েকে নিয়ে হলে এসেছিলেন ভেবেছিলেন, এটি তাদের আগের ছবিগুলোর মতো গান-বাজনা ও পারিবারিক সুসম্পর্কের গল্প হবে। কিন্তু গল্প এগোতেই তিনি মারাত্মক হতাশ হয়ে করণের ওপর ক্ষোভ ঝাড়েন।
সময়ের বিচারে ছবির ত্রুটিগুলো মেনে নিয়ে করণ অকপটে স্বীকার করেন, ‘কভি আলবিদা না কেহেনা’র দৈর্ঘ্য কিছুটা বেশি ছিল। গান ও সেট নির্মাণের ক্ষেত্রেও হয়তো অতিরিক্ত আড়ম্বর করা হয়েছিল। তবে ছবির মূল বিষয় নিয়ে তিনি জানান, তার উদ্দেশ্য কখনও বিবাহবহির্ভূত সম্পর্ককে সমর্থন করা ছিল না।
করণের মতে, দাম্পত্যের সীমানা পেরিয়ে অন্য কোথাও ভালোবাসা বা শরীরী টান খুঁজতে গেলে শুধু দুটি মানুষের জীবনই ওলটপালট হয় না, পুরো পরিবার ধ্বংসের মুখে পড়ে এই নির্মম সত্যটিই তিনি তুলে ধরতে চেয়েছিলেন।
এমআইকে
