হলিউডের নন্দিত তারকা অ্যান হ্যাথাওয়ে। অস্কার, বাফটা ও গোল্ডেন গ্লোবের মতো পুরস্কার রয়েছে তার ঝুলিতে। কিছুদিন আগেই ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ দিয়ে বাজিমাৎ করেছেন।
সেই রেশ কাটতে না কাটতে নতুন সিনেমা নিয়ে আসছেন অভিনেত্রী। এবারের সিনেমা ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’। ডেভিড রবার্ট মিশেল নির্মিত এই সারভাইভাল মিস্ট্রি সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে শুক্রবার (১৪ আগস্ট), একই দিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে এটি।
দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় চলবে সিনেমাটি। বুধবার রাতে খবরটি নিশ্চিত করেছে হল কর্তৃপক্ষ।
সিনেমাটিতে অ্যান হ্যাথাওয়ের সঙ্গে অভিনয় করেছেন ইউয়ান ম্যাকগ্রেগর, মেইসি স্টেলা, ক্রিশ্চিয়ান কনভেরিসহ আরও অনেকে।
‘দ্য এন্ড অব ওকে স্ট্রিট’’-এর গল্প প্ল্যাট পরিবারকে ঘিরে। তারা ১৯৮০-এর দশকের একটি সাধারণ শহরতলীতে বসবাস করে। হঠাৎ একদিন এক রহস্যময় মহাজাগতিক ঘটনা ঘটে। এরপর পুরো ওক স্ট্রিট যেন পৃথিবীর স্বাভাবিক জায়গা থেকে উপড়ে অন্য কোথাও চলে যায়। এমনকি তাদের বাড়ি, রাস্তা ও আশপাশের পুরো পরিবেশ বদলে যায়।

প্রথমে পরিবারটি বুঝতেই পারে না কী ঘটেছে। কিন্তু বাইরে বের হওয়ার পর তারা দেখতে পায় পরিচিত শহরতলী আর নেই। ওক স্ট্রিটের সামনে বিশাল অচেনা জঙ্গল। রাস্তার শেষ অংশ যেন বিশাল খাদের কাছে গিয়ে থেমে গেছে। চারপাশে রয়েছে প্রাগৈতিহাসিক পরিবেশ এবং সবচেয়ে ভয়ংকর ব্যাপার, ডাইনোসর ঘুরে বেড়াচ্ছে!
এরপর সিনেমাটি মূলত হয়ে ওঠে একটি পরিবারের টিকে থাকার সংগ্রামের গল্প। তারা খাবার, নিরাপত্তা এবং নিজেদের সন্তানদের রক্ষা করার চেষ্টা করে। সেই অদ্ভুত রহস্যময় পরিবেশ থেকে কি পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে প্ল্যাট পরিবার? আর কেনই বা এমনটা ঘটল? এসব প্রশ্নের উত্তর মিলবে সিনেমায়।
কেআই
