বিজ্ঞাপন

আমেরিকায় ফাহমিদা নবী, দেশে ৪০ গানের খবর

আমেরিকায় ফাহমিদা নবী, দেশে ৪০ গানের খবর

ক’দিন আগেই আমেরিকার নিউ ইয়র্কে গেছেন ফাহমিদা নবী। সেখানে পরপর তার একাধিক অনুষ্ঠান রয়েছে। অন্যদিকে বাংলাদেশে পাওয়া গেল তার নতুন গানের খবর। শিগরির প্রকাশিত হবে ‘ভালোবাসা চাইতে গেলে’ শিরোনামের একটি গান।

এ গানের সূত্র ধরে মিলল আরো চমকপ্রদ খবর। জানা গেছে, সংগীত পরিচালক সজীব দাসের সঙ্গে দু-চারটি নয়, ৪০টি গানের কাজ করছেন ফাহমিদা নবী!

অনেক দিন ধরেই সজীবের সুরে গান করেন ফাহমিদা। ইতোপূর্বে তাদের জুটিবদ্ধ গানের সংখ্যা ছাড়িয়েছে ২০। তাদের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘ভুল করে ভালোবেসেছি’, ‘বকুল চাঁপা’, ‘মুক্তির আলোয়’, ‘মেঘ হয়ে লুকাও’ ইত্যাদি। দুজনেই জানালেন, নতুন আরো ৪০টি গান নিয়ে কাজ করছেন তারা। যেগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হবে।

সেই মিছিল থেকে ইতোমধ্যে তৈরি হয়েছে ‘ভালোবাসা চাইতে গেলে’। গোলাম মোরশেদের কথায় গানের সুর-সংগীত সজীবের। আর ভিডিও নির্দেশনা দিয়েছেন গায়িকা ফাহমিদা নবী নিজেই। শিগগিরই গানটি আসবে ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে।

ফাহমিদা নবী ও সজীব দাস

এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘লাকী আখান্দ্ ভাইয়ের কাছে সজীব দাসের গানের হাতেখড়ি। একসময় বেতারে অনেক কাজ করেছে সে। গানপাগল একজন মানুষ। তার সঙ্গে যখনই আড্ডা হয়, গান নিয়েই আলোচনা হয় বেশি। আমাদের গানের বোঝাপড়াটা বেশ ভালো। এরই মধ্যে আমরা নতুন প্রায় ৪০টি গান করেছি। গানগুলোর ভিডিও তৈরি করে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।’

সজীব দাসও জানান, ফাহ্মিদা নবী তাকে স্নেহ করেন। গানের ক্ষেত্রে ভরসাও করেন। সেই ভরসা অটুট রেখে একের পর এক গান বানিয়ে চলেছেন তিনি।

প্রসঙ্গত, ১৬ আগস্ট আমেরিকার ভার্জিনিয়ায় গাইবেন ফাহমিদা নবী। এরপর ২২ আগস্ট কনসার্ট করবেন লস অ্যাঞ্জেলসের লাক্সার ব্যাংকুয়েট হলে। সেখানে তার সঙ্গে থাকছেন ফুয়াদ আল মুক্তাদির ও এলিটা করিম।

কেআই