২০০৭ সালে মুক্তি পেয়েছিল মোহিত সুরির ‘আওয়ারাপান’। সমালোচকদের কাছ থেকে প্রশংসা মিললেও বক্স অফিসে সিনেমাটি মুখ থুবড়ে পড়ে। ১৮ কোটি রুপিতে নির্মিত এই সিনেমা সর্বসাকুল্যে ৮ কোটি রুপিও আয় করতে পারেনি। ফলে ‘ডিজাস্টার’ খেতাব পায়।
কিন্তু ফ্লপ সিনেমাও যে পরবর্তী সময়ে জনপ্রিয় হয়ে উঠতে পারে, হতে পারে কাল্ট ক্লাসিক, এমন উদাহরণ বিশ্বে কম নেই। ‘আওয়ারাপান’ও তেমনই। এর গানগুলো একসময় উপমহাদেশে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল, এখনো সেসব গানে নস্টালজিয়া অনুভব করেন মানুষ।
সেই আবেগ পুঁজি করে ‘ফ্লপ’ সিনেমাটির সিক্যুয়েল নির্মিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আওয়ারাপান ২’। আর মুক্তির আগেই গড়ছে রেকর্ড। অগ্রিম টিকিট বিক্রিতে বিপুল সাড়া পাচ্ছে।
হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে, প্রথম দিনেই আগের সিনেমার সার্বিক আয়েরও দ্বিগুণ আয় করতে চলেছে ‘আওয়ারাপান ২’। মুক্তির মাত্র ৪৮ ঘণ্টা আগে সিনেমাটির অগ্রিম বুকিং শুরু হয়েছে। তাতেই হুমড়ি খেয়ে পড়ছে দর্শক। বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত ১ লাখ ৩০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।
বক্স অফিস বিশ্লেষক ওয়েবসাইট স্যাকনিল্ক-এর তথ্য অনুসারে, প্রথম দিনের জন্য ইতোপূর্বে সিনেমাটির টিকিট বিক্রি হয়েছে প্রায় ৪ কোটি রুপির। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় দিনের অগ্রিম টিকিট বিক্রির অংকটা ছাড়িয়েছে ৯ কোটি রুপি; যেটা ‘আওয়ারাপান’-এর আয়েরও বেশি।

বলা বাহুল্য, অগ্রিম টিকিট না কেটেও বহু দর্শক সিনেমা দেখেন। সেক্ষেত্রে প্রথম দিনে ‘আওয়ারাপান ২’-এর আয় ছুঁতে পারে ২০ কোটি রুপি। যা হতে যাচ্ছে অভিনেতা ইমরান হাশমির ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন। শুধু তাই নয়, চলতি বছর বলিউডের অন্যতম বড় ওপেনিংও এটি হতে যাচ্ছে।
এদিকে শুক্রবার মুক্তি পাচ্ছে সানি দেওল অভিনীত ‘বাটওয়ারা ১৯৪৭’। তবে বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, ব্যবসায় এগিয়ে থাকবে ইমরান হাশমির ‘আওরাপান ২’।
নীতিন কক্কর নির্মিত ‘আওয়ারাপান ২’-এ ইমরান হাশমির সঙ্গে আছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুবিন্দর ভিকি প্রমুখ। এর বাজেট ৪৫ কোটি রুপির মতো। দর্শকের যে আগ্রহ দেখা যাচ্ছে, তাতে বাজেটের অর্থ তুলতে দু-তিন দিনের বেশি সময় লাগবে না সিনেমাটির।
কেআই
