নাটকের পর্দায় যেসব গল্প দেখে অভিভূত হন দর্শক, আবেগের স্রোতে ভাসেন, তার নেপথ্যের স্রষ্টা নাট্যকার। এই সময়ের অন্যতম সফল নাট্যকার ছিলেন তানিন রহমান। হ্যাঁ ছিলেন, কারণ এখন আর নেই। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
তানিনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। এদিন বিকালে ফেসবুক বার্তায় হিমি বলেন, ‘আমাদের সবার প্রিয় তানিন রহমান ভাই আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।’
তানিনের মৃত্যুর খবর শেয়ার করেছেন নাটকের ‘অঘোষিত’ রাজপুত্র জিয়াউল ফারুক অপূর্বও। তার বহু নাটকের গল্পকার তানিন। অপূর্ব তার বার্তায় লিখেছেন, ‘আমার অসংখ্য নাটকের লেখক তানিন রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তানিন রহমানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। অসংখ্য নাটকের গল্প ও চিত্রনাট্যে তার সঙ্গে কাজ করার স্মৃতি সবসময় মনে থাকবে।’
হালের প্রশংসিত নির্মাতা আশিকুর রহমানের সঙ্গেও পরিচয় ছিল তানিনের। দুজনের একসঙ্গে কাজ করারও কথা ছিল। তবে সেটা হওয়ার আগেই তানিন চলে গেলেন না ফেরার দেশে। আশিক তার ফেসবুক বার্তায় জানান, দীর্ঘদিন ধরে তিনি (তানিন) কিডনি জটিলতায় ভুগছিলেন। কিছুদিন আগে তার কিডনি ট্রান্সপ্লান্টেশনের সিদ্ধান্ত হয় মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে। গতকাল (বুধবার) তার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছিল এবং তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু আজ (বৃহস্পতিবার) আইসিইউতে থাকা অবস্থায় হঠাৎ হার্ট অ্যাটাক করে তিনি ইন্তেকাল করেছেন।
তানিনের আত্মার শান্তি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ‘সাদা প্রাইভেট’ নির্মাতা।
উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় ধরে নাটক লিখেছেন তানিন রহমান। তার লেখা নাটকে অভিনয় করেছেন এ সময়ের সিংহভাগ তারকা। তানিনের লেখা নাটকের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ‘নিয়তি’, ‘মেঘের গল্প’, ‘আবারও’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘লাল রঙা স্বপ্ন’, ‘শত ডানার প্রজাপতি’, ‘সেই ছেলেটা’, ‘তোমায় ভালোবেসে’, ‘প্রেম তুমি’, ‘ইন আ রিলেশনশিপ’, ‘এতটা ভালোবাসি’, ‘ভালোবাসার ফানুশ’, ‘নো’, ‘উৎসর্গ’ ইত্যাদি।
কেআই
