বিজ্ঞাপন

কালজয়ী ‘তাল’-এ যে শর্তে সুযোগ পেয়েছিলেন ঐশ্বরিয়া, জানালেন নির্মাতা

কালজয়ী ‘তাল’-এ যে শর্তে সুযোগ পেয়েছিলেন ঐশ্বরিয়া, জানালেন নির্মাতা

হিন্দি সিনেমার অন্যতম কালজয়ী চলচ্চিত্র ‘তাল’। সিনেমাটিতে অভিনয়ের মাধ্যমে তৎকালীন গ্ল্যামার তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন দারুণ প্রশংসিত হয়েছিলেন। তবে এই সিনেমায় সুযোগ পাওয়ার নেপথ্যে ছিল এক বিশেষ শর্ত। দীর্ঘ ২৭ বছর পর সিনেমাটির কাস্টিং নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে সেই শর্তের কথাই প্রকাশ্যে এনেছেন ভারতীয় নির্মাতা সুভাষ ঘাই। 

১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল ‘তাল’। সে সময় পর্দায় ঐশ্বরিয়ার গ্ল্যামারে বুঁদ সিনেপ্রেমীরা। নীল চোখের জাদু আর সৌন্দর্যের ছটায় সিনেপর্দায় ঐশ্বরিয়া যেন তখন সুপারহিট। আর ঠিক সে সময়ই সেই পরিচালক অভিনেত্রীকে শর্ত জুড়ে দেন।

এর ২৭ বছর পূর্তিতে সিনেমাটির কাস্টিং নিয়ে স্মৃতির ঝাঁপি খুলে এই তথ্য জানান পরিচালক নিজে।

সুভাষ ঘাই জানান, সিনেমার কঠিন নাচগুলোর জন্য উপযুক্ত কোনো অভিনেত্রীর সন্ধানে তিনি প্রখ্যাত নৃত্যপরিচালক সরোজ খানের শরণাপন্ন হয়েছিলেন। মাধুরী দীক্ষিতের বাইরে অন্য কারো নাম জানতে চাইলে সরোজ খান ঐশ্বরিয়ার সুপারিশ করেন।

এরপর এই সাবেক বিশ্বসুন্দরীর সঙ্গে দেখা করে নির্মাতা স্পষ্ট জানিয়ে দেন, ‘তাল’ সিনেমায় অভিনয় করতে হলে তাকে গ্ল্যামারাস রূপ বা প্রতিষ্ঠিত ভাবমূর্তি ছেড়ে বেরিয়ে আসতে হবে।

সেই স্মৃতির কথা স্মরণ করে সুভাষ ঘাই বলেন, “কসমেটিক জগতের কারণে ঐশ্বরিয়ার একটি সুনির্দিষ্ট ভাবমূর্তি তৈরি হয়েছিল। আমি তাকে ডেকে আনি এবং সরাসরি বলি, ‘আমাকে তোমার এই ইমেজ পুরোপুরি নষ্ট করে দিতে হবে’।”

তিনি ঐশ্বরিয়াকে বিশেষভাবে শর্ত দেন, সিনেমার প্রথম এক ঘণ্টা তাকে মেকআপ ছাড়াই পর্দায় হাজির হতে হবে। সুভাষ ঘাইয়ের মতে, অভিনেত্রী এতে সানন্দে রাজি হয়ে জানান, গল্পের প্রয়োজনে নির্মাতা যেভাবে বলবেন তিনি সেভাবেই কাজ করবেন।

প্রখ্যাত এই পরিচালকের মতে, সিদ্ধান্তটি কোনো তারকার বিদ্যমান জনপ্রিয়তার ওপর নির্ভর না করে মূলত চরিত্রের প্রয়োজনেই নেওয়া হয়েছিল।

ঐশ্বরিয়া রাই, অনিল কাপুর ও অক্ষয় খন্না অভিনীত ‘তাল’ সিনেমাটি ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দারুণ ব্যবসায়িক সাফল্য অর্জন করে। এর সংগীত, অভিনয় ও নান্দনিক দৃশ্যপট নব্বইয়ের দশকের শেষের দিকের অন্যতম সেরা মিউজিক্যাল চলচ্চিত্র হিসেবে সিনেমাটিকে পরিচিতি এনে দেয়।

ডিএ

বিজ্ঞাপন