বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আগামী শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হতে যাচ্ছে নাটক ‘মাস্তুল’। দর্শনী বিনিময়ের মাধ্যমে আয়োজিত এই প্রদর্শনীকে ঘিরে অনলাইনে দর্শকদের মধ্যে দেখা গেছে বিপুল উদ্দীপনা।
টিকেটের ব্যাপক অগ্রিম বিক্রি দেখে চূড়ান্ত সফলতা নিয়ে চরম আশাবাদী নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় আনন্দ প্রকাশ করে পরিচালক লিখেছেন, ‘ইতোমধ্যে অনলাইনে টিকেট কেটে ফেলা দর্শকের যে সংখ্যা শুনলাম তাতে আশাবাদী হয়ে উঠেছি।’
তার কথায়, ‘কাউন্টার থেকে কেনার জন্য শেষ পর্যন্ত কয়টা টিকেট অবশিষ্ট থাকে সেটাই দেখার বিষয়। আগামীকাল শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬ টায় দর্শনীর বিনিময়ে ‘মাস্তুল’ প্রদর্শিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে। টিকেটের মূল্য ১০০ টাকা।’
তিনি বলেন, ‘প্রদর্শনীর দিন দুপুর ১টায় অনলাইন টিকেটিং বন্ধ হয়ে যাবে। আসন খালি থাকা সাপেক্ষে তখন টিকেট পাওয়া যাবে শিল্পকলা একাডেমির টিকেট কাউন্টারে।’
শেষে লিখেছেন, ‘এমন একটা এক্সপেরিমেন্টের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের কারও যদি সত্যি সত্যি ‘মাস্তুল’ দেখার আগ্রহ থেকে থাকে তবে কাউন্টারের অপেক্ষায় থাকা হয়তো আফসোসের কারণ হতে পারে।’
এমআইকে
