স্পাইডার-ম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’ নিয়ে দর্শকদের এই উন্মাদনার মধ্যেই গত শুক্রবার (১৪ আগস্ট) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন আরও একটি হলিউড সিনেমা, যার নাম 'দ্য এন্ড অব ওক স্ট্রিট'।
সিনেমাটির পটভূমি গড়ে উঠেছে ১৯৮০-এর দশকের শুরুর সময়ের এক ঘটনাকে কেন্দ্র করে। ওক স্ট্রিট এলাকায় মা, বাবা ও দুই সন্তানকে নিয়ে বসবাস করে প্ল্যাট পরিবার। বাইরে থেকে তাদের পারিবারিক জীবন বেশ সুখী মনে হলেও ভেতরে ভেতরে নানামুখী সংকটের কারণে নিজেদের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়ে রয়েছে।
তবে সেই সাধারণ জীবনের স্বাভাবিক ছন্দ পুরোপুরি বদলে যায় এক রাতে। একটি রহস্যময় মহাজাগতিক ঘটনার ফলে পুরো এলাকাটি রাতারাতি রূপান্তর হয়ে যায় প্রাগৈতিহাসিক যুগে। পরদিন সকালে ঘুম থেকে উঠে প্ল্যাট পরিবারের সদস্যরা দেখতে পায়, তাদের চেনা-জানা শান্ত শহরতলি একেবারেই বদলে গেছে। ঘরের বাইরে শান্ত প্রকৃতির বদলে উন্মুক্ত ঘুরে বেড়াচ্ছে বিশালাকার সব ডাইনোসর।
এমন ভয়ংকর ও প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের বৈরী সম্পর্ক ভুলে পরিবারের সবাইকে নিয়ে ডাইনোসরের হাত থেকে বেঁচে থাকার সংগ্রাম শুরু করে তারা। সিনেমাটিতে অভিনয় করেছেন হলিউডের নন্দিত তারকা অ্যান হ্যাথাওয়ে।
টিকে থাকার এই স্নায়ুচাপ ও থ্রিলারে ভরপুর গল্প নিয়ে নির্মিত 'দ্য এন্ড অব ওক স্ট্রিট' সিনেমাটি এখন উপভোগ করা যাচ্ছে স্টার সিনেপ্লেক্স এ।
ডিএ
