বিজ্ঞাপন

সাক্ষাৎকার

ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেই ঝামেলা লেগে যায় : সামিরা খান মাহি

ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেই ঝামেলা লেগে যায় : সামিরা খান মাহি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। আসছে তার নতুন দুই মিনি সিরিজ ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’। বর্তমান ব্যস্ততা, আগামীর পরিকল্পনা ও ব্যক্তিগত জীবনের নানা বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন দ্বীন অর্ণব

ঢাকা পোস্ট : দুটি মিনি সিরিজ—‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’-এ আপনাকে দেখা যাবে। এগুলো কী ধরনের কনটেন্ট? কত পর্ব বা নির্মাণে কোনো ভিন্নতা আছে কিনা?

সামিরা খান মাহি : সিরিজ দুটি ৬ পর্বের। দুটোই পারিবারিক গল্প। ‘মায়ার সংসার’ মানে বোঝাই যাচ্ছে যে এটা একটা ফ্যামিলি ভিত্তিক গল্প। ‘কর্মফল’-এর গল্পটাও এর নামের সঙ্গে মিল আছে। আমরা যে বলি, ‘কারমা, হোয়াট গোজ অ্যারাউন্ড, কামস অ্যারাউন্ড’। অর্থাৎ মানুষ যে কর্ম করে, সেটার ফল পায়। এটাও একটা ফ্যামিলি ড্রামা, সেখানে কর্মের ফল পায় পুরো পরিবার। দুটো কাজেই আমার অভিজ্ঞতা অনেক ভালো। যদিও শুটিংয়ের সময়ে আমি একটু অসুস্থ ছিলাম, তারপরেও আমি বলব, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপেরিয়েন্স। সিরিজ দুটি আসুক, দর্শকও দেখুক, সেই অপেক্ষায়।

সামিরা খান মাহি। ছবি : অভিনেত্রীর ফেসবুক

ঢাকা পোস্ট : ‘কর্মফল’-এ দিলারা জামান, মনিরা মিঠু, আ খ ম হাসানের মতো একঝাঁক অভিজ্ঞ ও গুণী অভিনয়শিল্পী রয়েছেন। প্রবীণ তারকাদের সাথে একই ফ্রেমে কাজের অভিজ্ঞতা নিয়ে যদি একটু বলতেন...

সামিরা খান মাহি : অনেক ভালো ভালো আর্টিস্ট ছিলেন আমার সাথে। তাদের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা খুবই ভালো। যদি মনিরা আপুকে নিয়ে বলি, শি ইজ ভেরি ভেরি নাইস। আপুর সাথে আমি অনেক কমফোর্টেবল, উনার সাথে আমার অনেক কাজ হয়েছে। ফলে যখনই আমাদের একসাথে কাজ হয়, উনি আমাকে অনেক উৎসাহ দেন, এটা খুব ভালো লাগে। আর সাজ্জাদ (ইরফান সাজ্জাদ) ইজ অবভিয়াসলি আ ভেরি গুড কো-অ্যাক্টর। শুরু থেকেই আমরা যতগুলো কাজ করেছি, সবগুলোতে সে দারুণ সহযোগিতাপরায়ণ ছিল। দিলারা আন্টিসহ বাকিরাও অনেক কো-অপারেটিভ ছিলেন এই শুটিংয়ে।

ঢাকা পোস্ট : ‘মায়ার সংসার’ কেমন? এতে আপনার সঙ্গে কারা আছেন? গল্পটা দর্শকের মনে কেমন মায়া ছড়াতে পারে?

সামিরা খান মাহি : এটা কমপ্লিটলি ফ্যামিলি ড্রামা। এখানে আমার আরো দুই ভাই আছে, মা, বাবা আছে; আবার একটা বয়ফ্রেন্ডও থাকে; অফিসের বস থাকে, যে আমাকে পছন্দ করে—এরকম অনেক টাইপের ক্যারেক্টার আছে। সবকিছু মিলিয়ে ভালো একটা কাজ হয়েছে।

সামিরা খান মাহি। ছবি : অভিনেত্রীর ফেসবুক

ঢাকা পোস্ট : কাজের সংখ্যা কমিয়েছেন কিছুটা। কী কারণে?

সামিরা খান মাহি : কাজের সংখ্যাটা কমানোর কোনো কারণ আসলে নেই। মনে হলো, নিজের জন্য একটু সময় রাখা উচিত কাজের ফাঁকে ফাঁকে। আগে তো সারাক্ষণ শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। এখন ভাবি, পরিবারকেও একটু সময় দেওয়া জরুরি। তাছাড়া কিছু নতুন বিজনেস প্ল্যান করছি, যেটা খুব তাড়াতাড়ি শুরু করব। তখন সবাইকে জানাব। ওটা নিয়ে এখনই কিছু না বলি।

ঢাকা পোস্ট : অভিনয়ে নতুন আর কী করছেন?

সামিরা খান মাহি : ইউটিউবের নাটক তো বরাবরই করা হয়; সেটাই চলছে। ওটিটি নিয়ে এখন পর্যন্ত কোনো প্ল্যান নেই; তবে যদি হয়, অবশ্যই জানাব।

ঢাকা পোস্ট : আপনি তো দেশ-বিদেশে ঘুরতে ভালোবাসেন…

সামিরা খান মাহি : ঘুরতে সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি। তবে আমার বেশিরভাগ সময় ঘোরার জন্য দেশের বাইরে যাই না; বরং কাজের জন্য যাওয়া হয়। যেমন আমেরিকায় গিয়েছিলাম, কারণ আমার ছোট বোন ওখানে থাকে। ওর প্রেগন্যান্সির সময়টাতে আমি ওখানে ছিলাম। আর তুরস্কে গিয়েছিলাম, সেটাও ঘোরা না, একটা কাজের জন্য। ঘুরতে গেলে তো ভালোই লাগে, বাট আসলে কাজের জন্য বাইরে যাওয়া হয় বেশি।

সামিরা খান মাহি। ছবি : অভিনেত্রীর ফেসবুক

ঢাকা পোস্ট : প্রেমের বিষয়টি সামনে এনেছিলেন বেশ আগে। আবার ভাঙনের খবরও ছড়িয়েছিল। পরে সম্পর্ক কি জোড়া লেগেছে?

সামিরা খান মাহি : আসলে ব্যক্তিগত জীবন নিয়ে আর কিছুই বলতে চাই না। কারণ যখনই পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলি, তখনই ঝামেলা লেগে যায়। সো, আই থিংক পার্সোনাল জিনিস পার্সোনাল থাকাই ভালো।

ডিএ/কেআই