বিজ্ঞাপন

স্মৃতিতে স্মরণে আইয়ুব বাচ্চু

বাচ্চু ভাইয়ের প্রভাব সব ব্যান্ড মিউজিশিয়ানের ওপর আছে : তানযীর তুহীন

বাচ্চু ভাইয়ের প্রভাব সব ব্যান্ড মিউজিশিয়ানের ওপর আছে : তানযীর তুহীন

তিনি গাইতেন, গাইতো যেন তার গিটারও। লিখতেন, সুর করতেন, আর স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন তাকে যতদূর নিয়ে গেছে, তার চেয়ে বেশি এগিয়ে দিয়েছে বাংলার ব্যান্ড সংগীতকে। আজ সেই নন্দিত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জন্মদিন। বেঁচে থাকলে হয়তো সতীর্থদের সঙ্গে দিনটি কাটত। কিন্তু তিনি না থাকলেও তাকে ঘিরে নানা আয়োজন তো চলছেই। 

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ঢাকা পোস্ট এবার বিশেষ আয়োজন সাজিয়েছে। তার পরবর্তী প্রজন্মের বিভিন্ন ব্যান্ড তারকার কাছ থেকে শুনেছে ‘এবি’র কথা। তাদের স্মৃতি, জীবন ও গানে কতটা মিশে আছেন ‘এলআরবি’র জনক?  

এ পর্বে বলেছেন ‘আভাস’ তারকা তানযীর তুহীন :

বাচ্চু ভাইয়ের সঙ্গে অনেকবারই দেখা হয়েছে। অনেক জায়গায় দেখা হতো, কনসার্টে দেখা হতো, ফোনে কথা হতো। স্মরণীয় সবগুলাই, প্রতিটা মুহূর্তই। চলে যাওয়ার পরে আসলে মানুষটার সবকিছুই স্মরণীয় হয়ে থাকে। উনি খুবই সাহস দিতেন, উৎসাহ দিতেন। প্রথম প্রথম দিকে একদম যখন পরিচয় হয়, তখন কীভাবে স্টেজ সামলাবো, স্টেজে গাইবো, এগুলা নিয়ে উনি পরামর্শ দিতেন, উৎসাহ দিতেন।

ভাইয়ের মৃত্যুর আগে দুই-তিন মাসের মধ্যে আর দেখা হয়নি। এর আগে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের ওখানে দেখা হতো, তারপর স্টুডিওতে দেখা হতো, বিভিন্ন অনুষ্ঠানে দেখা হতো। তখন ওই যে শুভেচ্ছা বিনিময়, দোয়া করতেন, সাহস দিতেন।

বাচ্চু ভাইয়ের প্রভাব সব মিউজিশিয়ান, ব্যান্ড মিউজিশিয়ানের ওপরই আছে। কারণ আমরা ওনাদের গান শুনেই বড় হয়েছি। জেমস ভাই, বাচ্চু ভাই, ওনাদের গান শুনে শুনেই তো আমরা বড় হয়েছি। বাংলাদেশের মানুষের ওপর ওনার যে প্রভাব, ভালোবাসার, ভালো লাগার, একই প্রভাব আমাদের ওপরও রয়েছে।

আইয়ুব বাচ্চু

বাচ্চু ভাইয়ের সবচেয়ে বড় শিক্ষা ডেডিকেশন। উনি যেখান থেকে উঠে এসেছেন, মানে যে পরিস্থিতি থেকে, যে সময়ে বাংলাদেশের সংগীতাঙ্গনে যুদ্ধ করে উনারা ব্যান্ড সংগীতে উঠে এসেছেন, এটাই একটা বিশাল শিক্ষার বিষয়। উনাদের লড়াই, স্ট্রাগল অতুলনীয়। 

ব্যান্ড 'আভাস' এর ভোকালিস্ট তানযীর তুহীন

আমাদের তো একটাই দোয়া ছিল, ওনার মতো সিনিয়র শিল্পীরা যতদিন বাঁচবেন, আমাদের জন্য যত কাজ করে রেখে যাবেন, তত আমাদের জন্য সুবিধা। আমরাও সাহস পাবো, কাজের দিক নির্দেশনা পাবো। উনি চলে গেছেন, তবে এখনো ওনার গান আমাদের মাঝে রয়ে গেছে। 

এমআইকে/কেআই

বিজ্ঞাপন