নানা গুণের গুণী আহমেদ হাসান সানি। গানে যদিও বেশি জনপ্রিয়। নিজের কথা-সুরে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। কিছুদিন আগে শাকিব খানের ‘রকস্টার’ দিয়ে নিজেকে নিয়ে গেছেন আরো উঁচুতে।
গানের বাইরে সানি একজন নির্মাতা। অনেক বছর ধরে বানিয়েছেন বিজ্ঞাপনচিত্র। এরপর আসেন চলচ্চিত্রে। গত বছরের মার্চে খবর দেন, প্রথম স্বল্পদৈর্ঘ্য ছবি ‘সং ফ্রম দ্য সাউথ’-এর। ছোট দৈর্ঘের ছবিটি মুক্তির আগেই সানি সেরে নেন তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ নামের ছবিটি এ বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
এবার এলো সানির প্রথম ছবিটি। ১৪ আগস্ট নিজের ইউটিউব চ্যানেলে ‘সং ফ্রম দ্য সাউথ’ উন্মুক্ত করেছেন নির্মাতা। প্রায় ১০ মিনিটের ছবিটি অনেকটা চুপিসারেই মুক্তি দিলেন। তবুও অনেকেই এটি দেখছেন, প্রশংসা করছেন।

কথাসাহিত্যিক ও সংগীতশিল্পী লুৎফর হাসান ছবিটি দেখার পর অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, “একটা সিনেমা দেখলাম। শর্টফিল্ম। নয় মিনিটের সিনেমা। কী বিপুল এক জীবনচক্র। আহারে! শেষ দৃশ্যে চোখ ঝাপসা হয়। গল্পের শক্তি এতো! নির্মাণেও অপূর্ব মুন্সিয়ানা। সিনেমার নাম ‘সং ফ্রম দ্য সাউথ’। বানিয়েছেন আহমেদ হাসান সানি।”
সংগীতশিল্পী নাহিদ হাসান ছবিটি দেখার পর প্রতিক্রিয়ায় লিখেছেন, “বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষগুলোর অস্তিত্বের কথা, তাদের একাকীত্ব আর দিনযাপনের কঠিন সত্যের প্রতিচ্ছবি আর সেইসব মানুষের ভেতরে জমে থাকা বেদনা আর টানাপোড়েনের গল্পগুলো, যা প্রায় সবসময়ই থেকে গেছে অব্যক্ত। ঠিক সেই না-বলা মানুষদের গল্পই বলেছেন সানি ভাই ও মোহতাসিম বিল্লাহ আদিত্য, নয় মিনিটের এক শর্টফিল্মে—নাম ‘সং ফ্রম দ্য সাউথ’। আমাদের দেশীয় এই চমৎকার শর্টফিল্মের লিংক দিচ্ছি কমেন্টে। পরিচালনায় সবার প্রিয় সিঙ্গার, সংরাইটার ও নির্মাতা আহমেদ হাসান সানি।”
‘সং ফ্রম দ্য সাউথ’-এর গল্প এক বাবা ও তার কন্যাকে ঘিরে। বাবা মুচি। দিনভর মানুষের ছেঁড়া জুতো মেরামত করে খুচরো খুচরো পয়সা উপার্জন করেন। কন্যা আক্রান্ত বড় রোগে। চিকিৎসার জন্য সাধ্যের সবটুকু করেছে বাবা। কিন্তু কন্যার সুস্থতা আর আসে না। শেষমেশ জমানো কিছু টাকা দিয়ে কন্যার জন্য একটি বড় পুতুল কেনে বাবা। আর হাসপাতাল থেকে কন্যাকে নিয়ে রওনা করে নিজের গ্রামে, এক অনিশ্চিত যাত্রায়।

প্রধান চরিত্রে অভিনয় করেছেন এ কে আজাদ সেতু ও লতা আহমেদ। এছাড়াও আছেন রমিত ওয়াসিকুল, শাহাদাত শিতু, গালিব সর্দার, মেহেদী হাসান রুমি প্রমুখ। ছবির গল্পটি যৌথভাবে লিখেছেন আহমেদ হাসান সানি ও মোহতাসিম বিল্লাহ।
কেআই
