বিজ্ঞাপন

এক মাস পর অভিনেত্রীর মৃত্যুর খবর এলো নিজের আইডি থেকেই

এক মাস পর অভিনেত্রীর মৃত্যুর খবর এলো নিজের আইডি থেকেই

মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। গত ১৫ জুলাই তার মৃত্যু হলেও বিষয়টি এতদিন প্রকাশ পায়নি। মৃত্যুর প্রায় এক মাস পর গত রোববার অভিনেত্রীর সামাজিক মাধ্যমের আইডি থেকেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। 

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুর দিন অর্থাৎ গত ১৫ জুলাই সামাজিক মাধ্যমে নিজের শারীরিক অসুস্থতা ও মানসিক বিপর্যস্ততার কথা জানিয়ে একটি পোস্ট করেছিলেন অনন্যা। রোববার সকালে সেই পোস্টটি শেয়ার করেই অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে একটি শোকবার্তা প্রকাশ করে তার পরিবার।

বিবৃতিতে অনন্যার পরিবার জানায়, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে অনন্যা আর আমাদের মাঝে নেই। বিগত প্রায় এক বছর ধরে সে শারীরিক ও মানসিক নানা জটিলতায় ভুগছিল এবং শেষ পর্যন্ত একজন যোদ্ধার মতোই লড়াই করে গেছে। সে সবসময় চনমনে ছিল এবং জীবনকে সুন্দরভাবে উপভোগ করেছে। তার এই অকালপ্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।’ 

একই সঙ্গে অনন্যার আত্মার শান্তি কামনা করে পরিবারের এই কঠিন সময়ে সবাইকে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়।

২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে অনন্যা রাজের। পরবর্তীতে তিনি ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। অল্প বয়সে সম্ভাবনাময় এই অভিনেত্রীর অকালপ্রয়াণে ভারতের বিনোদন অঙ্গন ও তার অনুরাগীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ডিএ