রাজধানীতে আয়োজিত হতে যাওয়া চার ব্যান্ড নিয়ে ‘সকারামা’ কনসার্ট সাময়িক স্থগিতের খবর পাওয়া গেছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আপাতত হচ্ছে না।
সোমবার দুপুরে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় কনসার্ট পেছানোর বিষয়টি জানিয়েছেন ব্যান্ড চিরকুট কর্তৃপক্ষ। জানানো হয়, আয়োজনটি আরও বড় পরিসরে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পর্যাপ্ত প্রস্তুতির অভাব, নিরাপত্তাজনিত কারণ এবং রাত ৮টার মধ্যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করার সরকারি নির্দেশনার কথা বিবেচনায় রেখে আয়োজকরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
চিরকুট এও জানিয়েছে, খুব দ্রুতই ‘সকারামা’র নতুন তারিখ ঘোষণা করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
কনসার্টটির আয়োজক প্রতিষ্ঠান লিংক ৩ ও অ্যাফরডেবল ভেঞ্চার লিমিটেড। ফুটবল ও সংগীতের মেলবন্ধন নিয়ে এই কনসার্টে উপস্থিত থাকার কথা ছিল আর্জেন্টাইন ফুটবল তারকা ক্যানিজিয়ার। তবে কনসার্ট স্থগিত হলেও ক্যানিজিয়ার সফর নিয়ে কোনো পরিবর্তন আসেনি।
এই কনসার্টে চিরকুট ছাড়াও আর্টসেল, নেমেসিস ও অড সিগনেচারের মঞ্চ মাতানোর কথা ছিল। ইতোমধ্যে টিকিট বিক্রির মাধ্যম ‘টিকিফাই’-এ তিনটি ক্যাটাগরিতে টিকিট বিক্রিও শুরু হয়েছিল।
ডিএ
