বিজ্ঞাপন

মুগ্ধতা ছড়ানো সেই নেপালি সিনেমার সিক্যুয়েল আসছে

মুগ্ধতা ছড়ানো সেই নেপালি সিনেমার সিক্যুয়েল আসছে

২০২৫ সালের মে মাসে মুক্তি পায় নেপালি সিনেমা ‘উনকো সোয়েটার’। দেশটিতে দারুণ সাফল্য পায় এটি। বক্স অফিসেও হয় সুপারহিট। এরপর অন্তর্জালে আসার পর ক্রমশ ছড়িয়ে পড়ে উপমহাদেশে। ভারত-বাংলাদেশের দর্শকের কাছেও দারুণ জনপ্রিয়তা পায় এই সিনেমা।

ইউটিউবে সিনেমাটি নিয়ে আলোচনা, প্রতিক্রিয়া ও ব্যাখ্যা-বিশ্লেষণের বহু ভিডিও তৈরি হয়। সামাজিক মাধ্যমেও অনেকে ‘উনকো সোয়েটার’ নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন।

সাড়া জাগানো সেই সিনেমার সিক্যুয়েল আসছে। গতকাল এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান আর্টমান্ডু। নতুন সিনেমাটির নাম ‘কালিজি-উনকো সোয়েটার’।

‘উনকো সোয়েটার’-এর দৃশ্য

ঘোষণা বার্তায় লেখা হয়েছে, “যে ‘উনকো সোয়েটার’কে আপনারা হৃদয়ে জায়গা দিয়েছেন, ভালোবেসেছে, সেটার নতুন এক অধ্যায় আসতে চলেছে। যদিও এটা আসলে ঠিক সিক্যুয়েল নয়, বরং ওই চরিত্রগুলোর জীবনের আরেকটি অধ্যায়; কিভাবে তারা অসমাপ্ত আবেগ বয়ে বেড়াচ্ছে।”

নবীন চৌহানের এই সিনেমায় নতুন করে যুক্ত হয়েছেন ভারতের গুণী অভিনেতা পিয়ুশ মিশ্রা। এছাড়া আগের মতোই প্রধান চরিত্রে থাকছেন বিপিন কারকি ও মিরুনা মাগার। তবে সিনেমাটি কবে নাগাদ মুক্তি পাবে, তা জানানো হয়নি।

‘উনকো সোয়েটার’-এর দৃশ্য

উল্লেখ্য, পূর্ব নেপালের গ্রামীণ পটভূমিতে নির্মিত হয়েছে ‘উনকো সোয়েটার’। এর মধ্য দিয়ে পাহাড়ি অঞ্চলের মানুষের জীবন, সংস্কৃতি ও সামাজিক সীমাবদ্ধতার নানা দিক উঠে এসেছে। তবে সেসব ছাড়িয়ে একটি অসম্পূর্ণ ভালোবাসার গল্পে অনন্য হয়ে উঠেছে ‘উনকো সোয়েটার’। সিনেমার শ্রুতিমধুর গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা। ২ কোটি রুপিতে নির্মিত ‘উনকো সোয়েটার’ আয় করেছিল প্রায় সাড়ে ১১ কোটি রুপি।

কেআই