বিজ্ঞাপন

আশা ভোঁসলের স্মরণে এ আর রহমান, সঙ্গ দিলেন শাহরুখ খান

আশা ভোঁসলের স্মরণে এ আর রহমান, সঙ্গ দিলেন শাহরুখ খান

উপমহাদেশের সংগীতাকাশের উজ্জ্বল নক্ষত্র আশা ভোঁসলের প্রয়াণে সুরের জগতে তৈরি হয়েছে এক অপূরণীয় শূন্যতা। তবে তার কালজয়ী কণ্ঠ ও সৃষ্টিকে নতুন করে উদ্‌যাপন করার উদ্যোগ নিয়েছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। 

প্রয়াত এই শিল্পীর স্মৃতিতে একটি বিশেষ মিউজিক্যাল প্রজেক্ট তৈরি করছেন তিনি, আর এতে রহমানের সঙ্গী হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই বিশেষ প্রজেক্টের কথা নিশ্চিত করেছেন রহমান নিজেই। 

সেখানে তিনি লেখেন, ‘কিংবদন্তি আশা তাইয়ের স্মরণে নির্মিত এই মিউজিক ভিডিওতে অংশ নেওয়ার জন্য শাহরুখ খানকে আন্তরিক ধন্যবাদ। আশাজির স্মৃতিতে তৈরি এই ভালোবাসার অর্ঘ্যে তার যুক্ত হওয়া ঘটনাটিকে আরও বিশেষ করে তুলেছে।’

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রজেক্টটির পরিকল্পনা মূলত শিল্পী জীবিত থাকাকালীনই করা হয়েছিল। ইচ্ছা ছিল গানটি স্বয়ং আশা ভোঁসলের হাতেই তুলে দেওয়া হবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তা আর সম্ভব হয়নি।

প্রকাশিত এই প্রজেক্টের টিজারে দেখা গেছে প্রয়াত সুরসম্রাজ্ঞীর স্মৃতিবিজড়িত দৃশ্য, যা দর্শকদের বেশ আবেগপ্লুত করেছে। পুরো গানটিতে কেবল শাহরুখ খানই নন, ভারতের শীর্ষস্থানীয় একঝাঁক সংগীতশিল্পী একসঙ্গে কণ্ঠ মিলিয়েছেন। পাশাপাশি গানটিতে থাকছে আশা ভোঁসলের নিজের কণ্ঠে রেকর্ড করা বিশেষ কিছু অংশও। খুব শিগগিরই পুরো গানটি প্রকাশ করা হবে।

এমআইকে