তিনি নেই আট বছর। কিন্তু সুরে-গানে এখনো শ্রোতাদের মনে সঞ্জীব হয়ে আছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। তার জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হচ্ছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’-এর গানগুলো। আইয়ুব বাচ্চুর ২০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি, যেগুলোর নতুন সংগীতায়োজন করেছেন এ সময়ের ব্যান্ড ও শিল্পীরা। ইতোমধ্যে এর দুটি গান ‘রুপালি গিটার’ ও ‘কষ্ট পেতে ভালোবাসি’ পর্যায়ক্রমে প্রকাশ পেয়েছে।
গানগুলো শুনছেন শ্রোতারা; সাড়াও পাচ্ছে বেশ। আইয়ুব বাচ্চুর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গান দুটি। এর মধ্যে ‘রুপালি গিটার’ গেয়েছেন বাপ্পা মজুমদার, এবং কানিজ সুবর্ণার কণ্ঠে ‘কষ্ট পেতে ভালোবাসি’। তবে কাভার করা এই গানগুলোর সঙ্গে অরিজিনাল গানের মিল খুঁজতে চাইছেন শ্রোতাদের একাংশ; ফলে তাদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বাপ্পার গাওয়া ‘রুপালি গিটার’ গানটি প্রশংসায় ভাসলেও কানিজ সুবর্ণার গাওয়া গানটি নিয়ে শ্রোতাদের মাঝে ভিন্নমত লক্ষ্য করা গেছে।
ইউটিউবে মন্তব্যের ঘরে চোখ রাখলে দেখা যায়, বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘রুপালি গিটার’ শুনে আবেগাপ্লুত হয়েছেন ভক্তরা। শ্রোতারা মন্তব্য করেছেন, গানটি ভিন্নভাবে করা হলেও খুব সুন্দর হয়েছে; বাপ্পা মজুমদারকে নিয়ে আলাদা করে প্রশংসায় ভাসছেন।
অন্যদিকে, কানিজ সুবর্ণার কণ্ঠে ‘কষ্ট পেতে ভালোবাসি’ গানটি নিয়ে শ্রোতারা দুই ভাগে বিভক্ত। একদল শ্রোতা তার গায়কী ও ভিন্নমাত্রার কম্পোজিশনের প্রশংসা করে বলেছেন, গানের ভাইব তার গলায় ঠিকঠাক পাওয়া যাচ্ছে এবং অনেকদিন পর তার কণ্ঠে গান শুনে ভালো লেগেছে। তবে আরেক দল শ্রোতা তীব্র সমালোচনা করে মন্তব্য করেছেন, বস-এর মূল গানের সম্মান নষ্ট করা হয়েছে, গানটিকে বিকৃত লাগছে বলেও মন্তব্য কারো কারো।
তবে সব মিলিয়ে এই আয়োজনের মধ্যে দিয়ে আইয়ুব বাচ্চুর স্মৃতি ফিরিয়ে আনায় প্রযোজনা প্রতিষ্ঠান 'এবি কিচেন'কে ধন্যবাদ জানিয়েছেন এবি ভক্তরা।
জানা গেছে, ‘উত্তরাধিকার’ অ্যালবামে ব্যান্ডের মধ্যে গান করেছে দলছুট, আরবোভাইরাস, সোনার বাংলা সার্কাস, শুভযাত্রা, ক্যালিপসো, রকসল্ট, ডোপামিন ও এ কে রাহুল। আর একক শিল্পীদের মধ্যে গেয়েছেন বাবনা করিম, রাসেল আলী, রোমেল আলী, চন্দন জামান আলী-মেনন, কানিজ সুবর্ণা, সাজ্জাদ, পলাশ, জয় শাহরিয়ার, অদিত, বখতিয়ার হোসেন, আতিকা ইয়ামিন ও অটামনাল মুন।
মূলত, আইয়ুব বাচ্চুর জন্মদিনে বিশেষ কিছু করার ভাবনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে তার ব্যবহৃত গিটার, পোশাক ও অন্যান্য স্মৃতিচিহ্ন সংরক্ষণের স্বপ্নও এগিয়ে যাবে।
ডিএ
