বিজ্ঞাপন

ঢাকায় সুরের মূর্ছনা ছড়াবেন আলমগীর পারভেজ

ঢাকায় সুরের মূর্ছনা ছড়াবেন আলমগীর পারভেজ

সংগীতের মূর্ছনায় শিকড় খোঁজার বার্তা নিয়ে রাজধানীতে বসছে এক ব্যতিক্রমী সংগীত আসর। শাস্ত্রীয় সুর, ধ্রুপদী উর্দু গজল আর বাংলার চিরন্তন লোকসংগীতের মেলবন্ধনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সংগীতসন্ধ্যা ‘শিকড়ের সুর’।

সাংস্কৃতিক শিকড়কে নতুন করে উদযাপনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতিবিষয়ক প্রতিষ্ঠান ‘ইউবি মিডিয়া’। আগামী শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর ধানমণ্ডির ভাষা সৈনিক এম. এ. মতিন রোডে (সড়ক-৪২) অবস্থিত ‘রাশিয়ান হাউসে’ অনুষ্ঠিত হবে এই বিশেষ সংগীতসন্ধ্যা।

এদিনের পুরো আয়োজনজুড়ে মূল পরিবেশনায় থাকবেন বিশিষ্ট কণ্ঠশিল্পী, শিক্ষাবিদ ও সুরসাধক আলমগীর পারভেজ সুমন। শাস্ত্রীয় সংগীতের মজবুত ভিত্তির ওপর ভর করে তিনি শ্রোতাদের শোনাবেন মন ছুঁয়ে যাওয়া বাংলা গান, উর্দু গজল ও দক্ষিণ এশিয়ার বৈচিত্র্যময় লোকসংগীত।

আয়োজক কর্তৃপক্ষ ঢাকা পোস্টকে জানান, ২১ আগস্ট বিকেল ৫টায় শুরু হবে সুরের এই প্রাঞ্জল আসর। একটি ঘরোয়া কিন্তু নান্দনিক আবহে সংগীতপ্রেমী ও আমন্ত্রিত অতিথিদের জন্য সাজানো হয়েছে পুরো আয়োজনটি। ভেন্যুর ধারণক্ষমতা বিবেচনায় আসন সংখ্যা সীমিত রাখা হয়েছে, যেখানে প্রায় ১০০ থেকে ২০০ জন আমন্ত্রিত ও টিকিটধারী অতিথি সরাসরি উপস্থিত থেকে এই গান উপভোগ করার সুযোগ পাবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সুরের এই অনন্য সান্ধ্যকালীন আয়োজনে যারা অংশ নিতে চান, তাদের অগ্রিম বুকিং নিশ্চিত করতে হবে। বিস্তারিত তথ্য জানাবে আয়োজক কমিটি (যোগাযোগ: ০১৭১২-৮৭৩৮২৭)।

এমআইকে