বিজ্ঞাপন

জন্মদিনে সঙ্গীর উপহারে আপ্লুত পূজা চেরী

জন্মদিনে সঙ্গীর উপহারে আপ্লুত পূজা চেরী

সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় রয়েছেন অভিনেত্রী পূজা চেরী। প্রেম-বিয়ে নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন ও সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছিলেন, দিয়েছিলেন আইনি হুঁশিয়ারি। এমন আবহে চলে এলো তার জন্মদিন; বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনটি হয়ে এলো একটু বিশেষ হয়েই। 

সামাজিক মাধ্যমে এদিন দুপুরে জন্মদিনের মুহূর্তের ছবি প্রকাশ করেন পূজা। শেয়ার করা ছবিগুলোতে পূজাকে রঙিন বেলুন, কেক ও জন্মদিনের বিশেষ সজ্জায় দেখা গেছে। আর আপ্লুত হয়ে স্পষ্ট জানিয়ে দেন, জন্মদিনের এই উপহার ও সুন্দর মূহূর্ত পাওয়ার পেছনে আছেন তার জীবনের বিশেষ কেউ।

সেই পোস্টে বিশেষ মানুষটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, লেখেন গভীর কথা। পোস্টের ক্যাপশনে পূজা চেরী লিখেছেন, ‘আমি কখনও জানতাম না, জন্মদিনের এই সারপ্রাইজ আমার হৃদয়কে এতটা গভীরভাবে স্পর্শ করবে। তুমি শুধু আমাকে অবাকই করোনি, আমাকে কতটা মূল্য দিয়ে ভালোবাসো, তার অনুভব করিয়েছো। আমার এই জন্মদিনে এই ছোট্ট বিষয়গুলো, মুহূর্তগুলো এমন এক অভিজ্ঞতা দিয়েছে, যা কখনো ভুলব না। 

আবেগঘন ভাষায় তিনি আরও যোগ করেন, ‘কিছু মানুষ যেমন জীবনের সুন্দর একটি অংশ হতে পারে, তেমনি কিছু মুহূর্ত মনের বিশেষ অংশ হতে পারে। দুটো একই হয়ে থাকবে সবসময়; সবসময় তোমাকে ভালোবাসি। আর নিজেকে শুভজন্মদিন।’

পোস্টটি প্রকাশের সঙ্গেই তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা পূজাকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসিয়ে দিচ্ছেন। তবে একাংশ তার জীবনের বিশেষ এই সঙ্গীকে নিয়ে জানতে উৎসুক হয়েছেন। 

এর আগে বিয়ের প্রস্তুতি প্রসঙ্গে পূজা স্পষ্ট করে জানিয়েছিলেন, পারিবারিকভাবেই তার বিয়ে ঠিক হয়েছে এবং তিনি ইতোমধ্যে বাগদান সম্পন্ন করেছেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নিজেই আনন্দের সঙ্গে সব প্রকাশ্যে আনবেন বলেও জানিয়েছিলেন। 

জীবনের নতুন ধাপে সঙ্গীর কাছ থেকে এমন ভালোবাসাময় সারপ্রাইজ পেয়ে পূজা ভীষণ উচ্ছ্বসিত, তা তার এই আয়োজনেই ফুটে উঠেছে।

ডিএ