মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে দীর্ঘ সময় ধরে ‘আয়রন ম্যান’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র। তবে আগামী সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-তে খলনায়ক ‘ডক্টর ডুম’ চরিত্রে অভিনয় করাকে তিনি আরও বেশি উপভোগ করছেন।
সম্প্রতি ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে রবার্ট ডাউনি জুনিয়রকে প্রশ্ন করা হয়—আয়রন ম্যান ও ডক্টর ডুমের মধ্যে কোন চরিত্রটি তিনি বেশি উপভোগ করছেন?
জবাবে ডাউনি বলেন, আমি আপাতত 'ডুম' চরিত্রটির কথাই বলব। এতদিনে অন্যরা যা করছিল আর আমি যা মিস করেছি, তা এখন কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি। অন্য সবাই যখন একপাশে সুপারহিরো সাজে আর আমি মাস্ক-হুড পরে দাঁড়িয়ে থাকি, অভিজ্ঞতাটা সত্যিই অন্যরকম। আর 'ডুমসডে'-তে এই সম্পর্কের গল্পটি যেভাবে এগোবে, তা অত্যন্ত রোমাঞ্চকর, প্রত্যাশার বাইরে এবং সুন্দর।
অনুষ্ঠানে মার্ভেল স্টুডিওস ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার বিশেষ কিছু ফুটেজও প্রকাশ করেছে। সেখানে পেড্রো প্যাসকেলের চরিত্র ‘রিড রিচার্ডস’ ও ডক্টর ডুমের মধ্যকার একটি মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তুলে ধরা হয়। যেখানে সুপারহিরোদের কর্মকাণ্ড নিয়ে ডুমকে প্রশ্ন তুলতে দেখা যায়।
উল্লেখ্য, ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমায় টনি স্টার্ক তথা আয়রন ম্যানের মৃত্যুর মধ্য দিয়ে চরিত্রটির সমাপ্তি ঘটেছিল। তবে এর পাঁচ বছর পর মার্ভেল নতুন ঘোষণা দিয়ে জানায়, ভিলেন ‘ডক্টর ডুম’ হিসেবে ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন ডাউনি।
এই চলচ্চিত্রে রবার্ট ডাউনি জুনিয়র ও পেড্রো প্যাসকেল ছাড়াও অভিনয় করেছেন ক্রিস ইভানস, ক্রিস হেমসওয়ার্থ, পল রাড, অ্যান্থনি ম্যাকি, ফ্লোরেন্স পিউ ও ভ্যানেসা কার্বিসহ একঝাঁক তারকা। যৌথভাবে সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন রুশো ব্রাদার্স। আগামী ১৮ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল প্রতীক্ষিত এই সিনেমার।
ডিএ
