বিজ্ঞাপন

‘গোলমাল ৫’-এর শুটিং প্রায় শেষ, মুক্তি কবে?

‘গোলমাল ৫’-এর শুটিং প্রায় শেষ, মুক্তি কবে?

বলিউডে তুমুল জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। দর্শকদের জন্য সুখবর হলো, ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম কিস্তি ‘গোলমাল ৫’-এর কাজ প্রায় শেষের পথে। ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির বেশির ভাগ দৃশ্যের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। 

জানা গেছে, সিনেমাটির শুধু দুটি গানের শুটিং বাকি রয়েছে। এর মধ্যে রয়েছে সিনেমাটির টাইটেল ট্র্যাক বা শীর্ষ সংগীত। আগামী কয়েক মাসের মধ্যে এই গানগুলোর শুটিং সম্পন্ন হবে। এতে অংশ নেবেন অক্ষয় কুমার, অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, কুণাল খেমু, তুষার কাপুর এবং শারমান যোশী। সম্প্রতি উটিতে শারমান যোশী তার অংশের শুটিং শেষ করেছেন।

শুটিং সেটে এত বড় বড় তারকা থাকার পরও পরিবেশ ছিল বেশ শান্ত ও সাবলীল। পরিচালক রোহিত শেঠির সহকারী পরিচালকদের দলটিতে রয়েছেন একঝাঁক তরুণ ও পরিশ্রমী মুখ। 

এদিকে ‘গোলমাল ৫’-এর মুক্তির তারিখ নিয়ে সম্প্রতি বেশ বিভ্রান্তি তৈরি হয়েছিল। আগস্ট মাসের কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তি পেতে পারে। তবে নির্মাতারা দ্রুত এই জল্পনা উড়িয়ে দিয়েছেন। রোহিত শেঠি পিকচার্সের এক মুখপাত্র বিষয়টি স্পষ্ট করে জানান, মুক্তির তারিখ নিয়ে ছড়ানো খবরগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সঠিক সময়ে আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে। 

এছাড়া সিনেমা নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে গণমাধ্যমের প্রতিও অনুরোধ জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ দিয়ে এই ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয় এবং অল্প দিনেই এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর ২০০৮ সালে ‘গোলমাল রিটার্নস’, ২০১০ সালে ‘গোলমাল থ্রি’ এবং ২০১৭ সালে মুক্তি পায় এর চতুর্থ কিস্তি ‘গোলমাল এগেইন’। এখন দর্শকদের অপেক্ষা ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম কিস্তির জন্য।

ডিএ

বিজ্ঞাপন