জি বাংলার জনপ্রিয় ক্যুইজ শো ‘দাদাগিরি’র নতুন সিজন ঘিরে চর্চা এখন তুঙ্গে। সদ্যই ‘দেশু সাত’ সিনেমার কাজ শেষ করে আপাতত এই শোর সঞ্চালনায় বেশ ব্যস্ত অভিনেতা দেব। ২০২৬ সালের ৫ জুলাই থেকে সৌরভ গাঙ্গুলীর পরিবর্তে তার উপস্থাপনায় শুরু হওয়া এই শো-কে কেন্দ্র করে দেব-ভক্তদের উৎসাহের অন্ত নেই।
এরই মাঝে দাদাগিরির সেট থেকে একটি ভিডিও নেটদুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে অভিনেতাকে একটি মিষ্টি বাচ্চাকে কোলে নিয়ে পরম আদরে মেতে উঠতে দেখা গেছে। আর সেই মুহূর্ত সামনে আসতেই প্রিয় তারকাকে ঘিরে অনুরাগীদের আবদার, ‘ও দাদা, তুমি কবে বাবা হবে?’
১৯৮২ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করা ৪৩ বছর বয়সী এই অভিনেতা প্রায় এক দশকেরও বেশি সময় ধরে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে বিয়ে বা সংসার শুরু করার প্রসঙ্গ উঠলেই দুই পক্ষই সাধারণত তা এড়িয়ে চলেন। এমনকি ‘দাদাগিরি’র সেটেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ অভিনেতাকে বিয়ের বিষয়ে নিয়ে খুনসুটি করতে ছাড়ে না।
২০২৪ সালের মাঝামাঝি সময়ে গুগলের কিছু ভুল তথ্যের কারণে সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট ভীষণ ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়েছিল, দেব ও রুক্মিণী মৈত্র ২০২১ সালেই গোপনে বিয়ে সেরেছেন এবং তাদের একটি সন্তানও রয়েছে।
সেই গুঞ্জন এক্স-এ (সাবেক টুইটার) ছড়িয়ে পড়লে দেব রসিকতা করে লিখেছিলেন, ‘মি টু’ অর্থাৎ তিনিও বিষয়টি জানতেন না! তবে এবার ‘দাদাগিরি’র সেটে দেবের কোলে শিশুর এই ভাইরাল ভিডিও অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের মনে ফের সেই একই কৌতূহল ও আকুল প্রশ্ন উসকে দিয়েছে।
এমআইকে
