এতদিন অব্ধি ঢালিউডে ভৌতিক বা সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার সিনেমার কথা শুনলেই যেন মুখ ফিরিয়ে নিতেন দর্শকেরা। কিন্তু এবার দেখা যাচ্ছে পুরোটাই উল্টো চিত্র। কারণ, বড় বাজেট ও ইন্ডাস্ট্রিজের প্রিয় মুখদের নিয়ে রায়হান রাফী নির্মাণ করছেন ‘আন্ধার’। সদ্য সিনেমার প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশ হয়েছে। এতে দর্শকের মনে বাড়ে কৌতূহল। এবার সেই রহস্যে নতুন মাত্রা যোগ করল একটি ‘বিহাইন্ড দ্যা সিন’ ভিডিও।
অফিসিয়াল পোস্টার আর ‘বিহাইন্ড দ্যা সিন’ ভিডিওটি প্রকাশের ব্যবধান মাত্র কয়েক ঘণ্টা। এর আগে সিনেমাটির অভিনয়শিল্পীদের নানা চরিত্রের লুক একে একে প্রকাশ করে আসছিলেন নির্মাতা। দর্শকেরা প্রহর গুনছিলেন, কবে আসবে এর টিজার-ট্রেলার। কিন্তু এলো পোস্টার। এতেও হতাশ হয়নি দর্শক। পোস্টারটি নিয়ে বরং নেটদুনিয়ায় রহস্যের জাল বুনছেন তারা। তৈরি হয়েছে নানা আলোচনা।
বিষয়টি নজরে ছিল নির্মাতার। তাই ভাবলেন, এই পোস্টার মেকিংয়ের পেছনের গল্প দর্শক-নেটিজেনরা জানুক। তাই শুক্রবার দুপুরে ৩২ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করলেন সামাজিক মাধ্যমে।
ভিডিওর শুরুতেই দেখা যায় এক কর্মব্যস্ত ও উৎসবমুখর সেট। মেকআপ রুমে চলছে চরিত্রগুলোর রূপদানের কাজ। মেকআপ আর্টিস্ট মোহাম্মদ তারেকের নিপুনের ছোঁয়ায় প্রস্তুত হচ্ছেন তারকারা। ক্যামেরার সামনে চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, নাজিফা তুষিদের কর্মব্যস্ততা; সাদা পোশাকে ক্যামেরার সামনে তাদের চোখেমুখে ফুটে ওঠে রহস্য ও গা ছমছমে আবহ।
আরও দেখা যায়, লাইট, ক্যামেরা, ডিরেক্টরের নিবিড় নির্দেশনা এবং ক্রু মেম্বারদের দৌড়ঝাঁপ—কীভাবে একটি সাধারণ স্টুডিও এক অলৌকিক ও রহস্যময় আবহে রূপ নিল, তারই এক দুর্দান্ত ঝলক দেখা গেছে এই ভিডিওতে। ভিডিওর শেষে সেই বহু কাঙ্ক্ষিত পোস্টারটির চূড়ান্ত রূপের দেখা মেলে।
ভিডিওটি শেয়ার করে নির্মাতা রায়হান রাফী দর্শকদের অভূতপূর্ব সাড়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পোস্টে লেখেন, ‘আন্ধার-এর প্রথম অফিসিয়াল পোস্টার ড্রপের পর আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত! এজন্যই বড় পরিসরে টানা ২ দিন ধরে আমরা পোস্টার ফটোশুটের আয়োজন করেছিলাম। এরপর সময় নিয়ে, কনসেপ্ট অনুযায়ী তৈরি হয়েছে এবং হচ্ছে প্রতিটি পোস্টার।’
রাফী তার পোস্টে আরও জানান, সামনে আরও নতুন পোস্টার, টিজার, ট্রেলার এবং নানা চমক নিয়ে হাজির হবে টিম ‘আন্ধার’। সেই সাথে তিনি এই চমৎকার পোস্টারটির পেছনের কারিগরদের পরিচয় করিয়ে দেন।
বিশাল বাজেটের এই ‘আন্ধার’ সিনেমার গল্প তুলে এনেছেন শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানরা। সিয়াম, চঞ্চল ও তুষি ছাড়াও এতে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, ফররুখ আহমেদ রেহান, আফসানা মিমি, গাজী রাকায়েত, তানজিকা আমিনসহ একঝাঁক শক্তিমান তারকা। আগামী অক্টোবরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
ডিএ
