হলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ দেখতে দেখতে ২৫ বছরে পা দিল। ২০০১ সালের একটি সাধারণ স্ট্রিট-রেসিং সিনেমা থেকে কীভাবে এটি বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় এক সিনেম্যাটিক ফেনোমেননে রূপ নিয়েছে, সেই স্মৃতিচারণই করলেন ফ্র্যাঞ্চাইজিটির মূল তারকা ভিন ডিজেল। দীর্ঘ আড়াই দশকের এই যাত্রায় বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত ও সহকর্মীদের প্রতি নিজের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেতা।
সম্প্রতি ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর পুনর্মুক্তি (রি-রিলিজ) উপলক্ষে প্রেক্ষাগৃহের বেশ কিছু মুহূর্ত ও ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন ভিন ডিজেল। ভক্তদের ভালোবাসায় আবেগপ্লুত হয়ে তিনি বলেন, ‘এই সপ্তাহে আমি একদল মানুষের সামনে দাঁড়িয়েছিলাম... পরিচিত সব মুখ। কিছু হাসি আমি ২৫ বছর ধরে চিনি, আর কিছু হাসি আগে কখনো দেখিনি। কিন্তু সেই ঘরের সবাই একসঙ্গে বসে উদযাপন করছিল, যেখান থেকে সবকিছুর শুরু হয়েছিল।’
২৫ বছর আগের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে ডিজেল বলেন, ‘২৫ বছর আগে আমি জানতাম না সামনে কী অপেক্ষা করছে। সত্যি বলতে কেউই জানত না। আমরা স্ট্রিট রেসিং নিয়ে একটা ছোট সিনেমা বানাচ্ছিলাম এবং আমাদের কোনো ধারণাই ছিল না এটি (‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’) কোথায় গিয়ে ঠেকবে।’
পুরো যাত্রা জুড়ে সিনেমার ক্রু ও স্টুডিও টিমকে নিজের পরিবারের অংশ হিসেবে উল্লেখ করে তিনি যোগ করেন, “সেখানে আমার পরিবার উপস্থিত ছিল—আমার ‘ফাস্ট ফ্যামিলি’।”
২৫ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র, কানাডা ও পুয়ের্তোরিকোর ১,৫৬১টি প্রেক্ষাগৃহের প্রায় ১,৮৩৬টি স্ক্রিনে সিনেমাটি নতুন করে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে দর্শকদের প্রেক্ষাগৃহ ও ওপেন-এয়ার ড্রাইভ-ইনের অভিজ্ঞতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
ভক্তদের প্রতি ধন্যবাদ জানিয়ে ভিন ডিজেল বলেন, ‘গত ২৫ বছরে যারা এই দীর্ঘ যাত্রায় নিজেদের জাদু ছড়িয়েছেন সেই হাজার হাজার মানুষ এবং আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, যারা আমাদের স্রেফ একটি ফ্র্যাঞ্চাইজি না বানিয়ে এক পরিবারে পরিণত করেছেন। আপনারা এটি তৈরি করেছেন, আমি শুধু এখানে অংশ হতে পেরেছি। প্রেক্ষাগৃহে দেখা হবে।’
উল্লেখ্য, ২০০১ সালে ‘ভাইব’ ম্যাগাজিনের একটি নিবন্ধ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছিল প্রথম সিনেমাটি। পরবর্তীতে এটি থ্রিল, চুরি ও স্পাই-অ্যাকশনে ভরপুর বিশ্বের অন্যতম ব্যবসাসফল ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়। আগামী ২০২৮ সালে ‘ফাস্ট ফরএভার’ শিরোনামের ১১তম ও চূড়ান্ত পর্বের মাধ্যমে জনপ্রিয় এই অ্যাকশন সিরিজের ইতি টানার কথা রয়েছে।
ডিএ
