‘আলা বোলেলো’ আসলে কী?— সামাজিক মাধ্যমে শুক্রবার বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা ও কৌতূহল। অর্থ না বুঝেও গানটির সুর ও ছন্দে মজেছেন সাধারণ শ্রোতারা। মূলত এটি দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বহু প্রতীক্ষিত নতুন সিনেমা ‘জেলার ২’-এর সদ্য মুক্তি পাওয়া গান।
শুক্রবার প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় গানটি নিয়ে বয়ে যাচ্ছে উন্মাদনার ঝড়। গানটির চমৎকার ভিজ্যুয়াল, কোরিওগ্রাফি ও অনিরুদ্ধ রবিচন্দরের সংগীতায়োজন মূলত এই গানের চমক।
সিনেমা হলে গানটি দারুণ আলোড়ন সৃষ্টি করবে বলে মন্তব্য করছেন ভক্তরা। অনেকে এটিকে চলতি বছরের অন্যতম সাড়াজাগানো গান হতে যাচ্ছে বলেও আশা প্রকাশ করছেন।
এর আগে গানটির ৩২ সেকেন্ডের একটি প্রোমো প্রকাশ করা হয়েছিল। সেখানে ঐতিহ্যবাহী কাসাবু শাড়িতে অভিনেত্রী শামনা কাসিমের নাচ এবং শেষদিকে রজনীকান্তের সংক্ষিপ্ত উপস্থিতি দেখা যায়।
তবে গানটিতে ব্যবহৃত মালয়ালম ভাষার শব্দের ভুল উচ্চারণ নিয়ে অন্তর্জালে আপত্তি তোলেন বেশ কিছু শ্রোতা। গানটিতে ব্যবহৃত ভাষার বিকৃতি ঘটেছে দাবি করে অসন্তোষ প্রকাশ করেন অনেক মালয়ালি ব্যবহারকারী।
উল্লেখ্য, ২০২৩ সালের ব্যবসাসফল সিনেমা ‘জেলার’-এর দ্বিতীয় কিস্তি হিসেবে নির্মিত হচ্ছে ‘জেলার ২’। সান পিকচার্সের ব্যানারে কালানিধি মারান প্রযোজিত সিনেমাটি পরিচালনা ও চিত্রনাট্য লিখেছেন নেলসন দিলীপকুমার। আগামী ১৫ অক্টোবর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ডিএ
