ভারতের জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। একসময় সিনেমার পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন। এরপর ধারাবাহিকেও মুখ্য চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। কিন্তু শারীরিক অসুস্থতা দানা বাঁধায় বিরতি নিতে হয় তাকে। অসুস্থতাজনিত বিরতি কাটিয়ে সামাজিক মাধ্যমে ফের সক্রিয় হয়েছেন অভিনেত্রী। তবে নেটদুনিয়ায় ফিরেই ওজন কমে যাওয়া, চুলের ধরন এবং ব্যক্তিগত জীবন নিয়ে ট্রলের শিকার হতে হয়েছে তাকে।
তাই সামাজিক মাধ্যমে কটাক্ষ ও ব্যক্তিগত জীবন নিয়ে ভুয়া খবর ছড়ানোয় এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেত্রী।
লক্ষ্য করলে দেখা যাবে, অসুস্থতায় আগের চেয়ে রূপ-লাবণ্য অনেকটাই হারিয়েছেন ইন্দ্রাণী হালদার। শরীর যেন শুকিয়ে কাঠ! তাই নেটদুনিয়ায় শারীরিক গঠন নিয়ে সমালোচনার বিষয়ে প্রতিক্রিয়া জানালেন এই অভিনেত্রী। ভারতীয় সংবাদ মাধ্যমে ইন্দ্রাণী বলেন, ‘ওজন কিছুটা বাড়লে কিংবা কমে গেলে উভয় ক্ষেত্রেই সমালোচনার মুখোমুখি হচ্ছি। কোন দিকে যাব, তা বুঝে ওঠা দায়।’
দীর্ঘ ২৬ বছরের সফল দাম্পত্য জীবন, তাই প্রশ্ন রেখে ইন্দ্রাণী হালদার বলেন, ‘আমার ২৬ বছর বিয়ে হয়ে গেছে আর এখন ডিভোর্স করে আমি করবটা কি? আর করবই বা কেন? আমার বর তো খুব ভালো, আমার শ্বশুরবাড়ি খুব ভালো, কোনো কারণ নেই করার।’
শুধু অর্থ উপার্জন ও ভিউ পাওয়ার উদ্দেশ্যে কিছু বেনামী পোর্টাল এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে বলে অভিযোগ তোলেন তিনি। বিনোদন জগতের রাজ-শুভশ্রী, রচনা কিংবা ঋতুপর্ণার মতো তারকারাও এমন অপপ্রচারের শিকার হচ্ছেন বলে অভিযোগ তার।
এ ধরনের ভুয়া খবরের বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন উল্লেখ করে এই অভিনেত্রী সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে অনলাইন প্রতারণা ও অপরিচিত নম্বর থেকে আসা কলের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
ডিএ
