বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তৃতীয়বার অন্তঃসত্ত্বা, এমন গুঞ্জনে তোলপাড় বি টাউন। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে গুঞ্জনের সূত্রপাত। তবে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কারিনার ননদ ও সাইফ আলি খানের বোন সাবা আলি খান।
সামাজিক মাধ্যমে কারিনার সেই ভিডিওর স্ক্রিনশট শেয়ার করে সাবা লেখেন, ‘সে (কারিনা) যখন বিমানবন্দর থেকে ফিরছিলেন, তখন ছিলেন কত স্লিম। এখন জিম থেকে বের হয়েছে শুধু... মানে এটি ক্যামেরার বাজে অ্যাঙ্গেল ছাড়া কিছুই নয়। আপনারা আবার রাতারাতি ধরেও নেন তিনি অন্তঃসত্ত্বা; কীভাবে সম্ভব!’
ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘গুঞ্জন না ছড়িয়ে মানুষকে নিজের মতো বাঁচতে দিন। কিছু বিষয় একান্তই ব্যক্তিগত রাখাই ভালো, এখানে অহেতুক কোনো অনুমানের প্রয়োজন নেই।’
ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের একাংশ দাবি করেন কারিনা অন্তঃসত্ত্বা। যদিও এমন জল্পনা ছড়ানোর পর কারিনার এক ঘনিষ্ঠ সূত্রই জানিয়েছিল- ব্যাপারটা এমন কিছু নয়।
উল্লেখ্য, ২০১৬ সালে সাইফ আলি খান ও কারিনা কাপুরের প্রথম সন্তান তৈমুর এবং ২০২১ সালে দ্বিতীয় সন্তান জাহাঙ্গীর জন্ম নেয়। সম্প্রতি পরিবার নিয়ে ছুটি কাটিয়ে মুম্বাই ফিরেছেন এই তারকাদম্পতি।
ডিএ
