ভারতের দক্ষিণী মেগাস্টার অজিত কুমার। গতির নেশা আর রুপালি পর্দার রোমাঞ্চ দুই জগতেই যার সমান বিচরণ। ইউরোপের রেসিং ট্র্যাকে মুখোমুখি হলেন এক মারাত্মক দুর্ঘটনার। হাই-স্পিড এন্ডুরেন্স রেস চলাকালে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে তীব্র সংঘর্ষে জড়ায় তার রেসিং কার। তবে ভাগ্যের জোরে ও সঠিক সুরক্ষা ব্যবস্থার কারণে কোনো গুরুতর চোট পাননি এই অভিনেতা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইউরোপে আন্তর্জাতিক এন্ডুরেন্স রেসিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সময় এই অঘটন ঘটে। প্রত্যক্ষদর্শী ও সূত্রের দাবি, রেস চলাকালে হঠাৎই অজিতের গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে মুহূর্তের মধ্যে গাড়িটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি এবং পাশের একটি গাড়িতে সজোরে আঘাত করেন। সংঘর্ষের অভিঘাত এতটাই জোরালো ছিল যে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়।
তবে দুর্ঘটনার পরপরই অজিত নিজে থেকেই নিরাপদভাবে গাড়ি থেকে বের হয়ে আসেন। পর্দার নায়ক হলেও পেশাদার মোটরস্পোর্টসে অজিত কুমারের নাম বেশ উজ্জ্বল। অভিনয়ের পাশাপাশি রেসিংকে তিনি সমান গুরুত্বের সঙ্গে পেশা হিসেবে গ্রহণ করেছেন। ফর্মুলা এশিয়া বিএমডব্লিউ চ্যাম্পিয়নশিপ, ক্রাভেন্টিক ২৪-আওয়ার সিরিজ এবং জিটি৪ ইউরোপিয়ান সিরিজের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে তিনি নিয়মিত দেশের প্রতিনিধিত্ব করেন।
চলতি বছরেও ইতালির মুগেলো ১২ ঘণ্টার রেসে তার দল নবম স্থান দখল করে। এরপর স্পা ও পল রিকার্ডের মতো কঠিন ১২ ঘণ্টার রেসেও ট্র্যাকিং সামলেছেন তিনি। গতি ও প্রতিযোগিতার প্রতি এই অপরিসীম ভালোবাসার টানেই নিজস্ব রেসিং টিম ‘অজিত কুমার রেসিং’ গড়ে তুলেছেন তিনি।
অবশ্য গতি আর রোমাঞ্চের এই পথে দুর্ঘটনার মুখোমুখি হওয়া অজিতের জন্য নতুন নয়। এর আগে ২০২৫ সালে ইতালিতে জিটি৪ ইউরোপিয়ান সিরিজ চলাকালে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি। একই বছর স্পেনের ভ্যালেন্সিয়ায় পোরশে স্প্রিন্ট চ্যালেঞ্জে তার গাড়ি পরপর দুইবার উল্টে গিয়েছিল। তবে প্রতিবারই অবিশ্বাস্য দক্ষতা ও ভাগ্যের জোরে অলৌকিকভাবে অক্ষত অবস্থায় ট্র্যাকিংয়ে ফেরেন এই তারকা। ভক্তরা এখন প্রিয় তারকার দ্রুত মানসিকভাবে সামলে ওঠার প্রার্থনায় দিন গুনছেন।
এমআইকে
