বিজ্ঞাপন

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

জীবদ্দশায় তুমুল জনপ্রিয় ছিলেন অভিনেতা মান্না। বিশেষ করে শূন্য দশকে তার অবস্থান ছিল শীর্ষে। ফলে মৃত্যুর সময়ে (২০০৮ সাল) তার হাতে অনেক সিনেমা ছিল; যেগুলো অসম্পূর্ণ থেকে গেছে।

তেমনই এক সিনেমা দিয়ে অভিষেক হয়েছিল অহনা রহমানের। ‘চাকরের প্রেম’ সিনেমাটি পরিচালনা করেছিলেন রকিবুল ইসিলাম রাকিব। পরে অসম্পূর্ণ সিনেমাটি আমিন খানকে দিয়ে সম্পূর্ণ করেছিলেন পরিচালক।

‘চাকরের প্রেম’ সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দার জন্য অভিনয় করেছিলেন অহনা। আর সেই প্রথম সিনেমার প্রথম দিনের শুটিংয়ের একটি স্মৃতি সামনে আনলেন অভিনেত্রী। মঙ্গলবার (২৫ আগস্ট) শুটিংয়ের একটি ছবি পোস্ট করেছেন অহনা। তাতে দেখা যাচ্ছে, সমুদ্রসৈকতে শুটিংয়ের ফাঁকে লাল পোশাকে বসে আছেন অহনা, তার পাশে বসেই খাবার খাচ্ছেন মান্না।

ছবির সঙ্গে অহনা লিখেছেন, “আমি তখন সবে শিশু, আর তিনি ছিলেন সুপারস্টার। একবার সেই সুপারস্টারই আমাকে বলেছিলেন, ‘অহনা, দেখো, একদিন তুমিও ভালো কাজ করবে।’ তিনিই প্রথম আমাকে তার বিপরীতে নায়িকা হিসেবে দেখেছিলেন। এই সিনেমায় আমি কাজ করব, এর জন্য আমার পরিবারও তখন প্রস্তুত ছিল না। সত্যি বলতে, আমিও প্রস্তুত ছিলাম না। কিন্তু এই মানুষটি আমার প্রথম সিনেমার পরিচালক রকিবুল ইসলাম রাকিব ভাইকে সঙ্গে নিয়ে আমাদের বাসায় এসেছিলেন, আমাকে ও আমার পরিবারকে রাজি করাতে।”

কিছুটা আক্ষেপ নিয়ে অহনা লিখলেন, ‘শেষ পর্যন্ত তিনি আমাদের রাজি করিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রথম সেই সিনেমার কাজ শেষ করা সম্ভব হয়নি। তবু আপনি সবসময় আমাদের কাছে মান্না—দ্য সুপারস্টার হিসেবেই স্মরণীয় হয়ে থাকবেন। আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন। আমরা আপনাকে ভালোবাসি স্যার। আমি আপনাকে ভালোবাসি স্যার।’

অহনা রহমান

‘চাকরের প্রেম’ সিনেমায় মান্না ও অহনা কেবল একটি গানের শুটিং করেছিলেন। সে গানটিও অবশ্য সিনেমায় রাখা হয়েছে। পোস্টের কমেন্ট বক্সে ওই গানের লিংকও যুক্ত করেছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ক্যারিয়ারের শুরুর দিকে আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন অহনা। পরে ব্যস্ত হয়ে পড়েন ছোট পর্দার নাটকে। এখনো নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি।

কেআই