ভারতের উত্তরপ্রদেশের শামলী জেলায় অঙ্কিত বালিয়ান (৩৫) নামে হরিয়ানার এক সংগীতশিল্পীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় একটি জিম থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে জেলার কোতোয়ালি এলাকার একটি জিম থেকে বের হচ্ছিলেন অঙ্কিত। এ সময় ৩ থেকে ৪ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।
এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়; অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে তারা এলাকায় প্রতিবাদ শুরু করেন।
এদিকে হত্যাকাণ্ডের পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে, যেখানে ভারতের বিতর্কিত ‘গোগী গ্যাং’-এর পক্ষ থেকে এই খুনের দায় স্বীকারের দাবি করা হয়েছে। গোগী গ্যাংয়ের সদস্য ভোলু শাহপুরিয়ার নামে প্রচারিত ওই বার্তাটির সত্যতা ও হমলাকারীদের পরিচয় নিশ্চিত করতে অভিযান শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, হত্যাকাণ্ডের ঠিক কিছু সময় আগে ইনস্টাগ্রামে অঙ্কিতের পোস্ট করা শেষ ভিডিওটি নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। ভিডিওটিতে তাকে একটি গান গাইতে দেখা যায়, যার কথার মধ্যে ‘খুন’ সংক্রান্ত প্রসঙ্গ ছিল। ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণ পরেই তার গুলিবিদ্ধ হওয়ার খবর সামনে এলেও গানের সঙ্গে এই হত্যাকাণ্ডের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।
ডিএ
