বিজ্ঞাপন

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য প্রায় ১২ কোটি টাকা দেবেন বিয়ন্সে

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য প্রায় ১২ কোটি টাকা দেবেন বিয়ন্সে

কিছুদিন আগে ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়েছিল কলম্বিয়া। ৭ দশমিক ৪ মাত্রার ওই ভূকম্পে এ পর্যন্ত ৩৩১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ২৯ হাজারেরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। আর বাস্তুহারা হয়েছেন প্রায় ৬৯ হাজার মানুষ।

এই ভয়াবহ বিপর্যয়ের খবর শুনে বড় সহায়তার ঘোষণা দিলেন আমেরিকান সংগীত তারকা বিয়ন্সে নোলস। তিনি জানিয়েছেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য ১০ লাখ ডলার অনুদান দেবেন। যা বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯০ লাখ টাকার মতো।

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, কলম্বিয়ার চোকো অঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাবার ও আবাসন-সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে এই অর্থ ব্যয় করা হবে। সেই সঙ্গে অন্যদেরও এই সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

এর আগে কলম্বিয়ার নাগরিক ও জনপ্রিয় সংগীতশিল্পী শাকিরাও বিশাল আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত স্কুলগুলো পুনর্নির্মাণে তিনি ১২ লাখ ৫০ হাজার ডলার দেবেন।

বিয়ন্সে নোলস।

এক বিবৃতিতে শাকিরা বলেন, ‘গত কয়েক দিন ধরে আমি আমার দেশকে দুর্ভোগের মধ্য দিয়ে যেতে দেখেছি। একই সঙ্গে মানুষকে সেই দৃঢ়তা ও সংহতির সঙ্গে একত্রিত হতেও দেখেছি, যা সবসময় আমাদের পরিচয় বহন করে। স্কুল শুধু একটি ভবন নয়। দুর্যোগের পর শিশুদের সবচেয়ে বেশি প্রয়োজন যে স্থিতিশীলতা ও স্বাভাবিক জীবনযাপন, স্কুল তাদের সেটিই দেয়। এ কারণেই স্কুলগুলো পুনর্নির্মাণ এবং শিশুদের আবার শ্রেণিকক্ষে ফিরিয়ে নিতে আমরা প্রাথমিকভাবে ১২ লাখ ৫০ হাজার ডলার সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছি। চোকো একা নয়। কলম্বিয়াও একা নয়। আর আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব।’

তবে অনুদানের প্রসঙ্গে বিয়ন্সের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

কেআই