ঐতিহাসিক প্রেক্ষাপট ও নৈতিক শিক্ষামূলক ধারাবাহিক হিসেবে বেশ জনপ্রিয় ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা’। এবার ধারাবাহিক দুটি উপভোগ করা যাবে বাংলা ভাষায়। সে উদ্যোগ নিয়েছে বেসরকারি টিভি চ্যানেল এসএ টিভি।
রাজধানীর কাকরাইলে গ্র্যান্ড প্যালেস হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দুই ধারাবাহিকের বাংলা সংস্করণ সম্প্রচারের ঘোষণা দেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ, মিনিস্টার মাইওয়ান গ্রুপের গ্রুপ ডিরেক্টর মোহাম্মদ আলী হায়দার, এসএ টিভির উপব্যবস্থাপনা পরিচালক নুর এ আলম রুবেল, পরিচালক শামছুল আলম পান্থ, নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চনসহ অনেকে।
সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ বলেন, “একটি দায়িত্বশীল গণমাধ্যমের কাজ শুধু দর্শকদের বিনোদন দেওয়া নয়; বরং জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসমৃদ্ধ অনুষ্ঠান উপহার দেওয়াও আমাদের অন্যতম দায়িত্ব। ‘মুহাম্মদ (সা.) : ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ এবং ‘ইউসুফ-জুলেখা’ সেই লক্ষ্যেই আমাদের অনুষ্ঠান তালিকায় গুরুত্বপূর্ণ সংযোজন। আমরা বিশ্বাস করি, এই দুই ধারাবাহিক দর্শকদের কাছে ইতিহাস, আধ্যাত্মিকতা ও মানবিক শিক্ষার এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে।”
সংশ্লিষ্টরা জানান, ৩০ আগস্ট থেকে প্রতি রবি, সোম মঙ্গলবার রাত ৮টায় ‘ইউসুফ-জুলেখা’ এবং ১৩ সেপ্টেম্বর থেকে প্রতি রবি, সোম মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটে ‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস’ প্রচারিত হবে।
কেআই
