বিজ্ঞাপন

পিংক বাসে উঠে পিয়া জান্নাতুলের যে অভিজ্ঞতা হলো

পিংক বাসে উঠে পিয়া জান্নাতুলের যে অভিজ্ঞতা হলো

নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি শহরে বিআরটিসির চালু করা হয় ‘পিংক বাস’। এতে এবার চড়লেন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল। বাসটিতে যাত্রার পর নিজের যে অভিজ্ঞতা পেলেন, তা এবার ভক্তদের মাঝে ভাগ করে নিলেন তিনি।  

নিজের সামাজিক মাধ্যমে একটি ভ্লগ প্রকাশ করেন পিয়া জান্নাতুল। এদিন তিনি পরেছিলেন আকাশী রঙের শাড়ির ওপর কালো কোর্ট। বাসে উঠে তিনি ভেতরের বিভিন্ন সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন। যাত্রীদের নিরাপত্তার জন্য থাকা সিসিটিভি ক্যামেরা, নির্ধারিত সময়সূচির চার্ট এবং সরকারি জরুরি সেবা নম্বর ৩৩৩-এর তথ্য তুলে ধরেন তিনি। 

অভিজ্ঞতা জানিয়ে পিয়া জানান, রাস্তায় যখন পিংক বাসটি চলাচল করে, তখন সাধারণ মানুষ বেশ কৌতূহল ও আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে। বাসটির অভিজ্ঞতাকে তিনি ‘সেলিব্রিটি বাসে’ চড়ার অনুভূতির সঙ্গে তুলনা করে আশা প্রকাশ করেন, এই উদ্যোগ নিয়ে যেন ইতিবাচক আলোচনা হয় এবং নারীরা আরও এগিয়ে যান।

বাসযাত্রার একপর্যায়ে পিয়া বাসের নারী চালকের সঙ্গে কথা বলেন। চালক জানান, তিনি ছয় বছর ধরে গাড়ি চালানো শিখেছেন এবং আড়াই বছর ধরে বিআরটিসিতে চাকরি করছেন। পরিবার থেকেও পূর্ণ সমর্থন পাচ্ছেন বলে জানান এই নারী চালক।

পিয়া জান্নাতুলের এই ভ্লগ বেশ সাড়া পায় তার ভক্তদের মাঝে। আইন পেশার পাশাপাশি ফ্যাশন ও বিনোদন অঙ্গনে দীর্ঘ দিন ধরে পরিচিত মুখ হিসেবে কাজ করছেন পিয়া জান্নাতুল।

উল্লেখ্য, রাজধানী ঢাকায় নারীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ চালু করেছে। গত ১৮ আগস্ট তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকে সেবাটি ঢাকার ১০টি রুটে নিয়মিত চলাচল করছে। নারী যাত্রীদের সুবিধার্থে এতে ই-টিকিটিং, জিপিএস ট্র্যাকিং ও সিসি ক্যামেরা সুবিধা রাখা হয়েছে। 

ডিএ