ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অভিনেতা মনোজ বাজপেয়ীর নতুন সিনেমা ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’। এই অভিনেতা নব্বই দশক থেকে শুরু করে এখন পর্যন্ত সিনে জগত দাপিয়ে বেড়াচ্ছেন। সর্বশেষ, জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত এই অভিনেতা সিরিজটির তৃতীয় সিজনের কাজ শেষ করার পর নতুন এই সিনেমার খবর এলো।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বুকারজয়ী প্রখ্যাত ভারতীয় লেখক অরবিন্দ আদিগার একই নামের বহুল আলোচিত উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’।
বেন রেখি পরিচালিত এই সিনেমায় মনোজ বাজপেয়ীর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বোমান ইরানি ও দিব্যা দত্ত। ছবিটি পরিবেশন করছে দক্ষিণ ভারতীয় তারকা রানা দাগ্গুবাতির প্রযোজনা সংস্থা ‘স্পিরিট মিডিয়া’। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির টিজার ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
চলচ্চিত্রটির গল্প গড়ে উঠেছে ‘মাস্টারজি’ নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষককে কেন্দ্র করে। আবাসন সংকট ও জীবন পরিবর্তনের প্রলোভনে যখন তার চারপাশের মানুষ নিজস্ব সিদ্ধান্ত বদলে ফেলে, তখনো তিনি একাই নিজের নীতিতে অটল থাকেন। ব্যক্তিগত নীতি আর পরিস্থিতির প্রলোভনের দ্বন্দ্বে সাধারণ মানুষের সম্পর্কের টানাপোড়েন ও কঠিন সিদ্ধান্ত নেওয়ার গল্প তুলে ধরা হয়েছে এতে।
‘সালাম বোম্বে’ ও ‘দ্য নেমসেক’ খ্যাত সুনি তারাপোরওয়ালা এই সিনেমার চিত্রনাট্য রূপান্তর করেছেন। এতে সংলাপ লিখেছেন ‘পিকু’ ও ‘অক্টোবর’ চলচ্চিত্রের চিত্রনাট্যকার জুহি চতুর্বেদী। এছাড়া চলচ্চিত্রটিতে সুরারোপ করেছেন জনপ্রিয় তামিল সিনেমা ‘৯৬’ খ্যাত সংগীত পরিচালক গোবিন্দ বসন্ত।
ডিএ
