তারকাদের জন্মদিনে শুভাকাঙ্ক্ষীরা যখন দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানায়, তখন সেই বার্তা দেখে কেউ যদি হুট করে ‘রেস্ট ইন পিস’ বলা শুরু করে- বিষয়টি কেমন হবে? নিশ্চয়ই চরম অদ্ভুত! ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত জনপ্রিয় মার্কিন অভিনেতা অ্যারন পলের ৪৭তম জন্মদিনে ঠিক এমন এক আজব পরিস্থিতির সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তদের অতিরিক্ত আবেগ আর অভিনব শুভেচ্ছা বার্তাই নিল তার মৃত্যুর গুজবে!
মিড ডেসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, গত ২৭ আগস্ট ছিল অ্যারন পলের ৪৭তম জন্মদিন। দিনটিতে তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে অনুরাগী ও বন্ধুদের দেওয়া কিছু পোস্টের বিন্যাস এমন ছিল যা সাধারণত কোনো তারকার মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি হিসেবে প্রকাশ করা হয়।
এছাড়াও সামাজিক মাধ্যমে পলের দীর্ঘ অনুপস্থিতিও এই গুজব ছড়াতে ভূমিকা রেখেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তিনি শেষবার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। সে সময় নিজের কাজে আরও বেশি অনুপ্রেরণা খোঁজার কথা জানিয়ে সামাজিক মাধ্যম থেকে বিরতি নেন তিনি। এতে দীর্ঘদিন তার পক্ষ থেকে কোনো নতুন বার্তা না থাকায় বিভ্রান্তিকর পোস্টগুলো দেখেই ভক্তরা তা সত্যি বলে বিশ্বাস করে বসেন।
পরে অন্যান্য ভক্তদের বিভিন্ন পোস্ট ও মন্তব্যে স্পষ্ট হয়, মৃত্যুর খবরটি আসলে নিছক গুজব। জন্মদিন উপলক্ষে ব্যবহৃত কিছু পোস্টের টেমপ্লেটই এই বিভ্রান্তির মূল কারণ। যদিও এ নিয়ে কোনো সংবাদ মাধ্যমে কথা বলেননি অভিনেতা অ্যারন পল।
অ্যারন পলকে সর্বশেষ দেখা গেছে ‘অ্যাশ’ সিনেমায়। ২০২৫ সালের ২১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। সামনে ‘ফলআউট’ সিরিজের তৃতীয় মৌসুমসহ ‘অ্যানিথিং বাট ঘোস্টস’, ‘ক্লেফেস’ ও ‘বিয়ার কান্ট্রি’সহ বেশ কয়েকটি প্রকল্পে দেখা যেতে পারে তাকে।
ডিএ
