বিজ্ঞাপন

গুরু আইয়ুব বাচ্চুর নামে আমেরিকায় শিষ্য টুটুলের ব্যান্ড

গুরু আইয়ুব বাচ্চুর নামে আমেরিকায় শিষ্য টুটুলের ব্যান্ড

আইয়ুব বাচ্চু—একটি নাম; আর দীর্ঘ এক ইতিহাস। নিজে যেমন গানে সমৃদ্ধ করেছেন দেশের সংগীতাঙ্গন, আবার পথ দেখিয়েছেন অসংখ্য সংগীতশিল্পীকে। তার উৎসাহ-অনুপ্রেরণায়-পরামর্শে গানে প্রতিষ্ঠা পেয়েছেন অনেকেই। তেমনই একজন এস আই টুটুল।

আইয়ুব বাচ্চুর কালজয়ী ব্যান্ড ‘এলআরবি’তে দীর্ঘদিন ধরে বাজিয়েছেন টুটুল। বাচ্চুকে নিজের ‘গুরু’ হিসেবেই মান্য করেন পাঁচবার জাতীয় পুরস্কারজয়ী এই শিল্পী। এবার সেই গুরুর নামেই শুরু করলেন নতুন ব্যান্ড ‘এবি কিং’।

১৬ আগস্ট ছিল আইয়ুব বাচ্চুর জন্মদিন। সেদিনই প্রয়াত এই কিংবদন্তির স্মরণে ‘এবি কিং’ ব্যান্ড গঠন করেন টুটুল। আর প্রথমবার তারা মঞ্চে উঠবে ১৯ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের হিউস্টনে সোনার বাংলা ফাউন্ডেশন আয়োজিত কনসার্টে।

টুটুল দীর্ঘদিন ধরে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানেই এই ব্যান্ড পরিচালনা করবেন। এতে টুটুল রয়েছেন কি-বোর্ড ও ভয়েসে। অন্য সদস্যরা হলেন নাফিজ আল আমিন (ড্রামস ও ভয়েস), ইফতেখার ইফতি (লিড গিটার ও ভয়েস), আকাশ আহসান (বেইস ও ভয়েস)। এ ছাড়া ব্যান্ড ম্যানেজার হিসেবে থাকছেন ইশতিয়াক এ সিদ্দিকী।

‘এলআরবি’তে আইয়ুব বাচ্চুর সঙ্গে এস আই টুটুল

নতুন এই ব্যান্ড নিয়ে এস আই টুটুল বলেন, ‘আমাদের সবার ভেতরেই গুরুজির জন্য একটা আবেগের ঘর আছে। সে ঘরটাই আমরা লালন করতে চাই। আমরা নিজেদের গান যেমন গাইব, তেমনি নতুন গান তৈরি করব। একই সঙ্গে আইয়ুব বাচ্চুসহ কিংবদন্তিদের গানগুলোও গাইব আমরা। আমাদের ব্যান্ডটি মূলত একটি মিউজিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। শুধু কনসার্টই নয়, আরো কিছু ইভেন্টের উদ্যোগ নেব আমরা।’

এ বছর ইউএস ট্যুরে ভার্জিনিয়া, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের আরো কয়েকটি রাজ্যে শো করবে ‘এবি কিং’। 

কেআই