দূর আমেরিকায় থিতু হয়েছেন জায়েদ খান। তবে অন্য অনেকের মতো ভিন্ন পেশা বা কাজে জড়াননি। অভিনয় আর নিজের স্বভাবসুলভ পারফর্মেন্সেই ব্যস্ত রয়েছেন তিনি। বলা বাহুল্য, প্রবাসী তারকাদের মধ্যে তার ব্যস্ততাই চোখে পড়ার মতো।
এরই ধারাবাহিকতায় এবার জায়েদ অংশ নেবেন আমেরিকায় বাঙালিদের অন্যতম বড় উৎসব ‘ফোবানা সম্মেলন’-এর ৪০তম আসরে। ৪ সেপ্টেম্বর শুরু হয়ে এই আয়োজন চলবে ৬ সেপ্টেম্বর। এর সাংস্কৃতিক পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন জায়েদ। নাচে-গানে মাতিয়ে তুলবেন প্রবাসী বাঙালিদের।
খবরটি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন জায়েদ খান নিজেই। বললেন, ‘আমেরিকায় এসেও আমি নিজের পরিচয়টা হারিয়ে যেতে দেইনি। সাংস্কৃতিক কাজেই আছি, বরং দেশের চেয়েও বেশি মনোযোগ দিয়ে কাজ করছি। এবার প্রথমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে ফোবানার সম্মেলনে পারফর্ম করব। এত বড় আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এজন্য আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা। আশা করছি বাঙালিদের সঙ্গে দারুণ এক অভিজ্ঞতা হবে।’

জানা গেছে, অরল্যান্ডোর হোলিডে ইন রিসোর্ট কিসিমিতে বসবে এবারের ফোবানা সম্মেলন। এবারের আয়োজনে অংশ নেবেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দেশ-বিদেশের সফল বাঙালিদের পাশাপাশি আরো অনেক তারকাই থাকবেন তিন দিনব্যাপী এ উৎসবে।
কেআই
