বিজ্ঞাপন

রুবেলের উপহারে অবাক সোহেল রানা

একটি ঘড়ি, ৪০ বছর এবং ভাইয়ের ভালোবাসা

একটি ঘড়ি, ৪০ বছর এবং ভাইয়ের ভালোবাসা

ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা হয়তো এমনই। সময় কিংবা যুক্তি নয়, এখানে নিখাদ আবেগই আসল। ঢাকাই সিনেমার দুই তারকা সোহেল রানা ও রুবেলের একটি ঘটনায় ভ্রাতৃত্বের সেই সৌন্দর্যই যেন ফুটে উঠল।

ঘটনা একটি ঘড়িকে ঘিরে। তবে এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ ৪০ বছর! বিষয়টি জানালেন সোহেল রানা নিজেই। তারই আপন ছোট ভাই রুবেল তাকে একটি ঘড়ি উপহার দিয়েছেন। তবে যে কারণে এই ঘড়ি অনন্য হয়ে উঠল, সে ঘটনাই শুক্রবার (২৮ আগস্ট) ফেসবুকে তুলে ধরেছেন সোহেল রানা।

তিনি জানান, প্রায় ৪০ বছর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন ছোট ভাই রুবেল ও পরিচালক শহীদুল ইসলাম খোকন। চিকিৎসা শেষে চিকিৎসক জানান, অভিনেতা সম্পূর্ণ সুস্থ আছেন। এরপর হাসপাতাল থেকে তারা হোটেলে ফেরেন। বিকেলে বেরিয়ে পড়েন ঘুরতে। এক পর্যায়ে একটি ঘড়ির দোকানে ঢোকেন তারা। কারণ সোহেল রানা ঘড়িপ্রিয় মানুষ, একটি দামি ঘড়ি কেনার জন্যই সেখানে ঢুকেছিলেন।

সোহেল রানা লিখেছেন, ‘দামি ঘড়ি কেনার আমার একটা শখ ছিল। রাডো (ঘড়ির ব্র্যান্ড) হাতে ছিল, যেটার উপর দিয়ে ট্রাক গেলেও ঘড়ির কিছুই হতো না। তারপরও মনে হলো, আরো একটা দামি ঘড়ি কিনব। দোকানে গেলাম, সাথে রুবেল এবং খোকন। বিরাট শো-রুম; সবচেয়ে দামি ঘড়িটা আমার সামনে আনা হলো। দাম শুনে একটু চমকে উঠলাম! ভাবলাম, এত টাকা তো আমার কাছে নেই। কিনে আনলাম বুচারার (ঘড়ির ব্র্যান্ড)। কিন্তু বারবারই আমার দৃষ্টি পড়ছিল সেই ঘড়িটার দিকে, যেটা টাকার জন্য কিনতে পারিনি।’

রুবেল ও সোহেল রানা

অতঃপর সোহেল রানা লিখলেন, ‘ভুলেই গিয়েছিলাম প্রায় ৪০ বছর আগের কথা। কিন্তু ভোলেনি রুবেল। প্রায় ৪০ বছর পর গতকাল (বৃহস্পতিবার) বাসায় এসে আমার হাতটা টেনে নিয়ে একটা ঘড়ি পরিয়ে দিল। বলল ‘যে ঘড়িটার দিকে তুমি তাকিয়েছিলে, তার দাম এখনো আমার নাগালের বাইরে; এক কোটি থেকে দেড় কোটি টাকা।’ কিন্তু তারপরেও যে ঘড়িটা আমাকে দিলো, দাম বলব না। দাম দিয়ে সবকিছু কেনা যায় না, হৃদয় থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়। আমার সেই ইচ্ছেটা মনে রেখে চল্লিশ বছর পরে বড় ভাইয়ের জন্য অনেক দামি একটা ঘড়ি নিয়ে এলো রবেল।”

অভিনেতা জানান, মৃত্যুর আগ অব্দি ছোট ভাইয়ের দেওয়া এই ঘড়ি তিনি পরে থাকবেন। বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের এমন আন্তরিকতা, ভালোবাসার কথা জানতে পেরে নেটিজেনরাও বেশ আপ্লুত। শোবিজের অনেকেও সোহেল রানার ওই পোস্টে মুগ্ধতা জানিয়েছেন।

কেআই

বিজ্ঞাপন